ফজলুল হক হলের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের কক্ষ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের জড়িয়েছিল ছাত্রলীগের দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছিলেন। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সংগঠনটি। গত বুধবার রাতে এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে বৈঠক করেছে ঢাবি ছাত্রলীগ।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় স্মার্ট ক্যাম্পাস বাস্তবায়নে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ রাখতে একমত হয়েছেন তারা। পাশাপাশি এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত করতে ইতোমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা করেছেন বলে জানান তারা। তদন্তে সত্যিকারের অর্থে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার সূত্রপাত গত সোমবার মধ্যরাতে। বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের কক্ষ দখলকে কেন্দ্র করে রাতভর সংঘর্ষ চলে। কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারীদের সঙ্গে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর কিছুদিন আগেও একই হলে এ ধরনের ঘটনা ঘটে।
এ সংঘর্ষের পর অভিযোগ উঠেছিলো, ছাত্রলীগের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। বিশেষ করে এ সংক্রান্ত ঘটনাগুলো হয়েছে সৈকতের সঙ্গে অন্যান্য গ্রুপের। তাই অনেকেই বলছেন সৈকতকে কোণঠাসা করতেই তার গ্রুপের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন অন্যরা। তবে এ অভিযোগকে উড়িয়ে দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
সময়ের আলোকে সাদ্দাম বলেন, আমরা চার নেতা সবসময়ই নিজেদের মধ্যে সংলাপ করি। আমরা স্মার্ট ক্যাম্পাসে বাস্তবায়নে ঐক্যবদ্ধ আছি। ছাত্রলীগের রাজনীতি সাংগঠনিক রাজনীতি। আমরা গ্রুপিং বা বিভাজনকে প্রশ্রয় দিই না। বাহু বলের রাজনীতি ছাত্রলীগে নেই। বরং বাহু বলের রাজনীতির প্রতিরোধেই ছাত্রলীগের জন্ম। ফজলুল হক হলের সংঘর্ষের বিষয়ে সাদ্দাম বলেন, এফইচ হলের ঘটনা কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তারপরও আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সময়ের আলোকে বলেন, সংগঠন হিসেবে ছাত্রলীগ ঐক্যবদ্ধ ছিলো, ঐক্যবদ্ধ আছে। ফজলুল হক হলের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং ভুল বোঝাবুঝির ফসল। তবে এ ঘটনায় কারও ইন্ধন থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইতোমধ্যেই আমরা নিজেদের মধ্যে বসেছি এবং তদন্ত করছি। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা করা হবে।

Join the conversation