তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি: রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে; ধর্মীয় প্রতিষ্ঠানে হবে বিশেষ প্রার্থনা।
শোক পালনে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানিয়ে আরও বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় নিহতদের আত্মার শান্তি কামনায় সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এদিকে উদ্ধারকাজে অংশ নিতে তুরস্কে গেছে বাংলাদেশের উদ্ধারকারী দল। সেনা সদস্য, ফায়ার ফাইটার, চিকিৎসকসহ ৪৬ জনের দলটি বুধবার রাতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।
গত রবিবার ভোর রাতে ভয়াবহ ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ হাজার মানুষ।
১৯৯৯ সালের পর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী তুরস্কের পাশে অনেক দেশই সহযোগিতার হাত বাড়িয়েছে। আটকাপড়া লোকদের উদ্ধারে অনেক দেশের মতো সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশও।

Join the conversation