সোনার ব্যবসাকে বিশ্ববাজারে নিয়ে যেতে চাই: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশে সোনার ব্যবসা শুরু থেকেই কটেজ ইন্ডাস্ট্রির মতো চলছে। আমরা এ ব্যবসাকে বিশ্ববাজারে নিয়ে যেতে চাই। এ ক্ষেত্রে আমাদের প্রধান প্রতিপক্ষ ভারত। এছাড়া চোরাচালানসহ নানা বিষয় আছে।
শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাজুস মেলা- ২০২৩ এ এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের সোনার বাজার ধরায় প্রধান প্রতিপক্ষ ভারত। বাংলাদেশি অনেক সোনার কারিগর ভারতে কাজ করছেন, তাদের দেশে এনে এই কাজে যুক্ত করা হলে আমরা আরো যোগ্যতাসম্পন্ন লোক পাবো।
তিনি আরো বলেন, ভালো মানের কাজের মাধ্যমে ভারতের সমপর্যায়ে নিতে পারলে আমরা তাদের চেয়েও কমদামে ও কম খরচে সোনার বাজার ধরতে পারবো।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বাংলাদেশে মাঝে মাঝে সোনার কাঁচামালের সংকট সৃষ্টি হয়। আমাদের এখানে যে কাঁচামাল প্রয়োজন সেটা এনে পরিশোধন করে একটা ব্র্যান্ড এবং কোয়ালিটি মেইন্টেইন করে বাজারজাত করতে পারলে এটি সার্থক হবে। নতুন করে সোনা উৎপাদনের সিকিউরড জোনের ব্যবস্থা করলে তা কাজে লাগানো যাবে।
এ সময় উপস্থিত ছিলেন- বাজুস সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

Join the conversation