12:32:54 pm
Saturday, August 22

তুরস্কে ভূমিকম্পের ১০২ ঘণ্টা পর ৮ জনকে জীবিত উদ্ধার

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের চার দিন পর ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক নবজাতক ও মা-ও রয়েছে। দেশটির দক্ষিণ হাতায় প্রদেশের সামান্দাগ শহর থেকে তাদের উদ্ধার করা হয়। 

ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ ধারণা করছে, ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকে জীবিত আছে। তবে ভূমিকম্পের পর ১০০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে যাওয়ায় ঠাণ্ডা আবহাওয়া এবং তুষারপাতের মধ্যে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। 

ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত নবজাতককে একটি থার্মাল কম্বলে পেঁচিয়ে অ্যাম্বুলেন্সে চিকিৎসা দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তার মাকে স্ট্রেচারে বের করে আনা হয়। 

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মুরাত বায়গুল সাংবাদিকদের জানান, ইসকেনদেরুন থেকে উদ্ধার করা ৬ জন একই পরিবারের সদস্য। যে অ্যাপার্টমেন্ট ভবনে তারা বাস করতেন, ভূমিকম্পে সেটি ধসে পড়লেও সৌভাগ্যক্রমে ভবনের খুব ক্ষুদ্র একটি অংশ অক্ষত ছিল। সেখানেই গাদাগাদি করে ছিলেন তারা।  

বায়গুল আরও জানান, সামান্য আঘাত ও শারীরিক দুর্বলতা ব্যতীত এই ছয়জনের আর কোনো গুরুতর সমস্যা নেই।

এই ঘটনার কাছাকাছি সময়ে কাহরামানমারাশ থেকে উদ্ধার করা হয়েছে দুই কিশোরীকে। সম্পর্কে তারা ‍বোন-একজনের বয়স ১৫, অপরজনের ১৩ বছর।

গত সোমবার তুরস্ক ও সিরিয়াতে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এছাড়া তুরস্কেই ভূমিকম্পকবলিত ১০টি প্রদেশে আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। এসব প্রদেশে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Share this post

Join the conversation