02:21:53 pm
Sunday, August 23

নারী নেত্রীকে শ্লীলতাহানি ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে

পুরাণ ঢাকায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক নারী নেত্রীকে শ্লীলতার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকালে ক্যাম্পাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে সুত্রাপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী নেত্রী। তবে ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত ওই ছাত্রলীগ কর্মীর নাম মো. রাকিবুল হাসান রাকিব। সে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুসারী। আর ভুক্তভোগী সাদিয়া খন্দকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও কেন্দ্রী ছাত্রলীগের সাবেক সদস্য।

ভুক্তভোগী সাদিয়া খন্দকারের অভিযোগ সূত্রে জানা যায়, রাকিব দীর্ঘদিন ধরেই তাকে নানাভাবে হয়রানির চেষ্টা করছিল। প্রতিকার পেতে দ্বারস্থ হন সিনিয়র নেতাদের কাছে। কিন্তু তারা বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। সম্প্রতি রাকিব তার নামে বিভিন্ন জায়গায় নানা কু-রটনা ছড়াতে থাকে। বিষয়টি নিয়ে কথা বলতে বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে রাকিবের মুখোমুখি হন সাদিয়া। এ নিয়ে জানতে চাওয়ায় সে ক্ষুব্ধ হয়ে সাদিয়ার ওপর চড়াও হয়। তাকে চড়-থাপ্পর, কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে হাতের ছড়ি দিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।  পরে সে মার থেকে বাঁচতে কলেজের ছাত্র সংসদের কক্ষের সামনে চলে যায়।

সাদিয়ার অভিযোগ, ওই সময় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক সংসদের ভেতরে থেকে সব শুনলেও সে এগিয়ে এসে রাকিবকে থামায়নি। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে মো. রাকিবুল হাসান রাকিবের নম্বরে ফোন করলেও তিনি সাড়া দেননি। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি তার ফোন বন্ধ করে দেন।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, সে আমার অনুসারী নয়। আরও অনেকেই আমাদের কর্মসূচিতে আসে। তারা ছাত্রলীগের কর্মী। কোনো ব্যক্তির নয়। আমি বিষয়টি শুনে তখনই ব্যবস্থা নিয়েছি। সাদিয়া আইনি ব্যবস্থা নিলেও আমরা সহায়তা করব।

সূত্রাপুর থানার ওসি মইনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতেই ওই ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Share this post

Join the conversation