ভারতে বিবিসিকে নিষিদ্ধের আবেদন খারিজ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ‘দ্য মোদি কোয়েশ্চেন’ এর জেরে ক্ষুব্ধ সে দেশের হিন্দুত্ববাদীরা। কট্টর হিন্দুত্ববাদী দল হিন্দু সেনার পক্ষ থেকে ভারতে বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে।

শুক্রবার দেশটির শীর্ষ আদালত হিন্দু সেনার সেই মামলা খারিজ করে দিয়েছে। বিচারপতি সঞ্জীব খান্না ও এমএম সুন্দরেশের বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ভুল ধারণাকে ভিত্তি করে এ মামলা করা হয়েছিল।
জানা গেছে, কট্টর হিন্দুত্ববাদী দল হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্তা মামলাটি করেছিলেন। আবেদনকারীদের আইনজীবী পিঙ্কি আনন্দ সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছিলেন, এই তথ্যচিত্রে ইচ্ছাকৃতভাবে ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করা হয়েছে। এই তথ্যচিত্রের পেছনে ‘ষড়যন্ত্র’ রয়েছে, এ দাবি করে শীর্ষ আদালতকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল। তবে শুক্রবার মামলাটি খারিজ করার সময় বিচারপতিরা বলেন, এ আবেদন একেবারেই ভুল ধারণা থেকে করা।