সাবেক স্ত্রীদের মুখোমুখি হচ্ছেন শাকিব খান
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০৮ সালে। এদিকে অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০১৮ সালে। যদিও বলা হচ্ছে দুই নায়িকাই এখন এই অভিনেতার সাবেক।
নতুন খবর হচ্ছে, এবার এই দুই নায়িকার মুখোমুখি হতে যাচ্ছেন শাকিব। সেটা সিনেমার কোনো চিত্রনাট্যে নয়। প্রকৃত অর্থে প্রেক্ষাগৃহে অপু-বুবলীর মুখোমুখি হচ্ছেন ঢালিউড সুপারস্টার।
আসছে ঈদে আলাদা দুই সিনেমা নিয়ে শাকিবের মুখোমুখি হচ্ছেন অপু-বুবলী। রোজার ঈদে অভিনেতার তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমা তিনটি হচ্ছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘অন্তর আত্মা’ ও ‘আগুন’।
অন্যদিকে, নিজের প্রথম প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত ‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে হাজির হবেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
এদিকে, প্রথমবারের মতো নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী। ‘প্রহেলিকা’ নামের সিনেমাটিও ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।
চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শোনা যাচ্ছে তারা ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনোমটির গান প্রকাশ করা হয়।
এমন বাস্তবতায় চলচ্চিত্রপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু শাকিব খান ও তার সাবেক দুই স্ত্রী। সাবেকদের এই লড়াই দিন শেষে টিকে থাকে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

Join the conversation