07:14:55 am
Saturday, August 22

প্রেমিকের বাড়ির সেপটিক ট্যাংকে মিলল পিঙ্কির লাশ

যশোরের শার্শায় নিখোঁজের আট দিন পর প্রেমিকের বাড়ির সেপটিক ট্যাংক থেকে জেসমিন আক্তার পিঙ্কি নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বুরুজবাগান গ্রাম থেকে শুক্রবার বিকেলে পিঙ্কির লাশ উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। 

এ ঘটনায় পিংকির প্রেমিক আহসান কবির রিঙ্কুকে আটক এবং জিজ্ঞাসাবাদের জন্য তার বড় ভাই রমেল ও সৎমা হোসনেয়ারাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

যশোর র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার নাজিউর রহমান বলেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের অবনতিতে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আহসান কবির রিঙ্কুকে আটক করা হয়েছে। 

জেসমিন আক্তার পিংকি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট ইউনিয়নের কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। তিনি যশোর পলিটেকনিক কলেজে চতুর্থ বর্ষে পড়তেন। গ্রেফতার রিঙ্কু একই কলেজে পিঙ্কির সহপাঠী। 

পুলিশ সূত্রে জানায়, কলেজেই পিংকি ও রিঙ্কুর মধ্যে সম্পর্ক হয়। দুজনের পরিবারই বিষয়টি জানত। পিঙ্কি পড়াশোনার সুবিধার্থে যশোরে বাড়ি ভাড়া করে একাই থাকতেন। ২ ফেব্রুয়ারি থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু কয়েক দিন পর একটি মোবাইল নাম্বার থেকে পিংকির বাড়িতে কল দিয়ে জানানো হয়, তাদের মেয়েকে কে বা কারা ভারতে পাচার করেছে। অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে পিংকির পরিবার রিঙ্কুর সঙ্গে যোগাযোগ করে। তখন রিঙ্কু জানান, পিঙ্কির বিষয়ে তিনি কিছু জানেন না। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে পিংকির বাবা জাকির হোসেন র‍্যাবের কাছে অভিযোগ দেন। র‍্যাব ফোনের সূত্র ধরে রিঙ্কুকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে তার বাড়ির সেপটিক ট্যাংক থেকে পিংকির গলিত লাশ উদ্ধার করা হয়। 

পিঙ্কির বাবা জাকির হোসেন বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যার বিচার চাই।’ 

যশোর র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার নাজিউর রহমান বলেন, ‘দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের অবনতিতে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আহসান কবির রিঙ্কুকে আটক করা হয়েছে।’ 

Share this post

Join the conversation