তুরস্কের ভূমিকম্প: ১২৯ ঘণ্টা পর একই পরিবারের ৫ ব্যক্তি জীবিত উদ্ধার
তুরস্কের উদ্ধারকারীরা ভূমিকম্পের ৫ দিনেরও বেশি সময় পর একই পরিবারের পাঁচজনকে উদ্ধার করেছে। ধসে পড়া বাড়ির ভেতরে তারা ১২৯ ঘণ্টা আটকা ছিল। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়, গাজিয়ানটেপ প্রদেশের নারদাগ এলাকায় উদ্ধারকারীরা প্রথমে এক মা ও তার কন্যাকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসে। এরপর উদ্ধারকারীরা বাবার কাছে পৌঁছায়। এ সময় তিনি আরও এক কন্যা ও ছেলেকে উদ্ধারের আহ্বান জানান।
এদিকে বিবিসি জানিয়েছে, সোমবার আঘাত হানা ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচ থেকে তুরস্কে আজ আরও এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়ার ৫ দিনের বেশি সময় পর তাকে উদ্ধার করেছেন উদ্ধারকারী কর্মীরা। শনিবার সকালের দিকে আরদা ক্যান ওভুন নামের ওই কিশোরকে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে স্ট্রেচারে করে উদ্ধার করা হয়।
ভূমিকম্পের পর ঘণ্টার হিসাবে ১২৫-এর বেশি সময় পেরিয়ে এসে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের জীবিত উদ্ধারের আশা প্রায় ফুরিয়েই এসেছে। অথচ এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ। তাদের উদ্ধারে আরও সময় দরকার। কিন্তু সময়ের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমেই পিছিয়ে পড়ছেন উদ্ধারকারীরা। আর জিতে যাচ্ছে মৃত্যু।
- Tags:
- তুরস্কের ভূমিকম্প
