07:14:45 am
Saturday, August 22

ভৈরবে পুলিশ পরিচয়ে পুলিশের সঙ্গে প্রেম, যুবক আটক

থানার সামনে ছবি তুলতে গিয়ে গ্রেফতার হয়েছেন ভুয়া এক পুলিশ।  জানা যায়, পুলিশ পরিচয়ে নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রেম করেন দীপ্ত আচার্য ওরফে শুভ্র (২৩) নামে কুমিল্লার এক যুবক। আর তাই প্রেমিকার কাছে বিশ্বস্ততা অর্জন করতে পুলিশের পোশাক পরে থানার সামনে গিয়ে দাঁড়ান ছবি তুলতে। কিন্তু বাদ সাধে বেরসিক থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থানার মূল ফটক থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
 
ভৈরব থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশের কটি পরিহিত, পায়ে পুলিশের বুট, কোমরে পুলিশের আইডি কার্ড ঝোলানো ও পুলিশের মনোগ্রামযুক্ত ব্যাগ কাঁধে নিয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছিলেন দীপ্ত আচার্য। এ সময় তিনি ইমুতে কারও সঙ্গে কথা বলছিলেন। বিষয়টি ভৈরব থানায় কর্মরত এসআই শহিদুর রহমানের নজরে এলে তাকে ডেকে জিজ্ঞাসা করেন তিনি। এ সময় ওই যুবক জানান, তিনি এসআই পদে চাঁদপুর থানায় কর্মরত। এ সময় তার পায়ের বুট ও তার আইডি কার্ড চেক করতেই বেরিয়ে আসে থলের বেড়াল।
 
পরে জানা যায়, ওই যুবক চাঁদপুর থানায় কর্মরত এক মহিলা পুলিশের সঙ্গে প্রেম করে আসছিলেন। প্রেমিকার কাছে গ্রহণযোগ্যতা পেতেই নকল এসআই সেজে তিনি ভৈরব থানায় কর্মরত আছেন তা বোঝাতে চেয়েছিলেন।
 
এ বিষয়ে ভৈরব থানার এসআই শহিদুর রহমান জানান, রাতে আমার ডিউটি ছিল। থানা থেকে বের হতেই ওই যুবককে চোখে পড়ে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া মনে হলে ওসি মাকছুদুল আলমের কাছে নিয়ে যাই। তার বাড়িতে যোগাযোগ করে জানা যায়, তিনি পুলিশের চাকরি করেন না।
 
Share this post

Join the conversation