স্ত্রীকে নির্যাতন: হাইকোর্ট থেকে জামিন নিলেন বিচারক
রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার সরকার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন ও অতর্কিত হামলার অভিযোগে করা মামলায় এই জামিন পেলেন তিনি।
বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার তার চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের ওপর শুনানিতে বিচারকের পক্ষে আইনজীবী ছিলেন মো. রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমদ ভূঁইয়া।
এই মামলায় গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তফা কামাল। ২০২২ সালের ১৯ এপ্রিল বিচারক দেবাংশু কুমার সরকারের স্ত্রী ডা. হৃদিতা সরকার বাদী হয়ে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এ যৌতুক না পেয়ে নির্যাতনের অভিযোগ এনে স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। অন্য তিন আসামি হলেন-দেবাংশু কুমার সরকারের বাবা সুধাংশু কুমার সরকার চয়ন, ফুপাতো ভাই নিলয় দে সরকার ও চাচা রঞ্জন সরকার।
মামলায় অভিযোগ করা হয়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ববাজার এলাকার দেবাংশু কুমার সরকারের সঙ্গে একই উপজেলার নারায়ণ সরকারের মেয়ে হৃদিতা সরকারের বিয়ে হয় ২০১৫ সালের ১১ মে। বিয়েতে হৃদিতার বাবা ৫০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার উপহার সামগ্রী দেবাংশুকে দেন। বিয়ের কয়েক মাস পরে দেবাংশু একটি প্রাইভেটকার কেনার জন্য হৃদিতার পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবি করেন। হৃদিতা সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। পরে দেবাংশু ৩০ লাখ টাকা না পেলে হৃদিতা সরকারের সঙ্গে সংসার করবেন না বলে জানিয়ে দেন।
- Tags:
- স্ত্রীকে নির্যাতন

Join the conversation