সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে চাঁদের হাট
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে বড় পরিসরে রিসেপশনের আয়োজন ছিলো সিদ্ধার্থ-কিয়ারার জুটির।
সেই পার্টিতে উপস্থিত ছিলেন সিদ্ধার্থের সাবেক প্রেমিকা আলিয়া ভাট ও তার স্বামী রণবীর কাপুর। এছাড়া আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা, করণ জোহর, গৌরী খান, মাহিপ কাপুর, কৃতি স্যানন, দিশা পাটানি, রণবীর সিং, ভিকি কৌশল, মীরা রাজপুত, শিল্পা শেট্টি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, নেহা ধুপিয়াসহ আরও কয়েকজন তারকা। অনুষ্ঠানে সেরার থেকে সেরা পোশাকে দেখা মিলেছে তারকাদের। রিসেপশন অনুষ্ঠানে পরিণত হয়ে চাঁদের হাটে।
মুম্বাইয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টিতে নব দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা অনুষ্ঠানের জন্য ম্যাচিং কালো রঙের পোশাক বেছে নিয়েছিলেন। আইভরি রঙের টপের সঙ্গে কালো ফিশকাটিং গাউনে ধরা দেন নববধূ। অন্যদিকে সিদ্ধার্থ ঝলমলে কালো মখমলে ব্লেজার, ম্যাচিং প্যান্ট এবং একটি টার্টলনেক টি-শার্ট পরেছিলেন। ম্যাচিং রিং সহ কিয়ারার হীরে এবং পান্নার নেকলেস, চড়া মেকআপ এবং মাথায় খোপা বেঁধেছিলেন।
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছেলে আকাশ আম্বানি, তাঁর স্ত্রী শ্লোকা মেহতার সঙ্গে মুম্বইয়ে তাঁদের ভালো বন্ধু কিয়ারা আডবানির বিয়ের রিসেপশন পার্টিতে অংশ নিয়েছিলেন। শ্লোকা কালো শাড়ির উপর রঙিন এমব্রয়ডারি করা শাড়ি পরে ধরা দেন। অন্যদিকে, নীল শার্টের উপর কালো ব্লেজার এবং কালো প্যান্ট পরে ধরা দেন আকাশ।
শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে সিড-কিয়ারার রিসেপশন পার্টিতে হাজির হয়েছিলেন আলিয়া। বেইজ রঙের ভারী ডিজাইনের সিকুইনড নেট শাড়ির সঙ্গে ম্যাচিং ব্যাকলেস ব্লাউজে ধরা দেন অভিনেত্রী। প্রিন্টেড ফ্লোরাল গ্রিন-এবং-লাল স্যুটে ধরা দেন নীতু কাপুর।
কিয়ারা ও সিদ্ধার্থের রিসেপশন পার্টিতে একসঙ্গে পৌঁছেছিলেন করিনা কাপুর খান ও করণ জোহর। করিনাকে একটি ওমব্রে গোলাপী এবং সাদা রঙের শাড়িতে উজ্জ্বল দেখাচ্ছিল। অন্যদিকে, করণ কালো ব্লেজার, ম্যাচিং প্যান্ট, একটি সাদা শার্ট, টাই ঝুলিয়ে, নর্ডি চশমা এবং পোশাকের সঙ্গে মানানসই জুতো বেছে নিয়েছিলেন।
গৌরী খান এবং মাহিপ কাপুর কিয়ারা এবং সিদ্ধার্থের রিসেপশন পার্টিতে জমকালো পোশাকে ধরা দেন। কমলা রঙের গাউনে ধরা দেন গৌরী খান। অন্যদিকে মাহিপকে সোনালি সাটিন-সিল্ক স্লিপ টপের সঙ্গে স্টাইল করা একটি বেইজ রঙের জ্যাকেটে দুর্দান্ত দেখাচ্ছে।
দিশা পাটানি এ দিন ফিরোজা নীল সিকুইন ব্যাকলেস কাউল নেক টপ পরেছেন। ম্যাচিং ঊরু চেরা স্কার্ট পরে ধরা দেন বলি ডিভা।
বেইজ রঙের শাড়িতে মীরা রাজপুত কাপুর, সোনালি রঙের শাড়ি পরে কৃতি স্যানন এবং সিলভার রঙের শাড়িতে ধরা দেন শিল্পা শেট্টি।
বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল কিয়ারা এবং সিদ্ধার্থের পার্টিতে পরস্পরের হাত ধরে হাজির হয়েছিলেন। বরুণ একটি সাদা ব্লেজার, শার্ট এবং কালো প্যান্ট বেছে নিয়েছিলেন। নাতাশা একটি ল্যাভেন্ডার রঙের লেহেঙ্গা পরে হাজির হয়েছিলেন পার্টিতে।

Join the conversation