10:47:44 am
Monday, August 24

দেশের ২২তম রাষ্ট্রপতি হলেন সাহাবুদ্দিন চুপ্পু 

দুদকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু  দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচন ভবনে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

এর আগে রাষ্ট্রপতি পদে দাখিল হওয়া মনোনয়নপত্র সোমবার সকালে পরীক্ষা করেন নির্বাচন কর্তা। এ সময় জাতীয় সংসদ ও আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দুপুর সাড়ে ১২টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সিইসি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানান, প্রথম মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং আর কোনো প্রার্থী না থাকায় মো. সাহাবুদ্দিন চুপ্পুকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। 

সিইসি বলেন, রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র পরীক্ষার পর মো. সাহাবুদ্দিন চুপ্পু একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ধারা ৭ মোতাবেক তাকে নির্বাচিত ঘোষণা করছি। এ বিষয়ে সোমবারই প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সাহাবুদ্দিন চুপপুকে ফুল দিয়ে বরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Share this post

Join the conversation