06:09:31 am
Saturday, August 22

ড্রেসিংরুমে ধূমপান করায় সুজনের শাস্তি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ধূমপান করায় শাস্তি পেলেন খুলনা টাইগার্সের কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। সোমবার এক বিবৃতি দিয়ে শাস্তির বিষয়টি জানায় বিসিবি। আচরণবিধির ২.২০ ধারা অনুযায়ী খেলার স্পিরিট ভঙ্গ করায় তার ম্যাচ ফির ৩০ শতাংশ কাটার পাশাপাশি ২টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। 

ঘটনা গত শুক্রবারের। লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল খুলনা। ম্যাচটা ৬ উইকেটে জিতে নেয় দলটি। দলটার জয় নিশ্চিত হওয়ার ঠিক আগ মুহূর্তে ওই ঘটনা ঘটে।

২০তম ওভারে ব্যাট করছিলেন মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান। এমন সময় খানিক সময়ের জন্য খুলনার ড্রেসিংরুমের দৃশ্য দেখাচ্ছিল টিভি ক্যামেরা। আর সেখানেই দেখা যায় ধূমপান করছেন সুজন। খেলা চলাকালে ক্রিকেট মাঠে যা সম্পূর্ণ নিষিদ্ধ।

সুজন ছাড়াও আচরণবিধি ভঙ্গের কারণে রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকে জরিমানার কথা জানিয়েছে বিসিবি।

Share this post

Join the conversation