07:19:39 pm
Friday, August 21

৫০ হাজার টাকা মূল্যের স্বাস্থ্যসেবা পাবে ১৫ লাখ পরিবার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় ইউনিভার্সেল হেলথ কাভারেজ প্রজেক্টের মাধ্যমে প্রতি বছর প্রাথমিকভাবে দেশের দরিদ্র ১৫ লাখ পরিবারের ৬০ লাখ মানুষের প্রতিজনকে বিনামূল্যে সরকারি ওষুধের বাইরে আরও ৫০ হাজার টাকার ওষুধসহ স্বাস্থ্যসেবা চিকিৎসাসামগ্রী দেওয়া হবে। 

সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশব্যাপী প্রাইমারি স্বাস্থ্যসেবা বৃদ্ধিতে করণীয় শীর্ষক সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালেক বলেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে মহিলাদের জন্য জরায়ু ক্যানসারের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিকভাবে এটি ১০ থেকে ১৫ বছরের শিশুদের শরীরে দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে মহিলাদের ক্যানসারে মৃত্যু সব থেকে বেশি জরায়ু ক্যানসারের কারণেই হয়ে থাকে। এই ভ্যাকসিন কার্যক্রমের ফলে দেশে জরায়ু ক্যানসারে আক্রান্ত ও মৃত্যু হার অনেকটা কমে যাবে।


স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, দেশে বর্তমানে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসের মতো কঠিন ও অত্যন্ত ব্যয়বহুল রোগ বৃদ্ধি পাচ্ছে। ভেজাল খাদ্য, অনিয়ন্ত্রিত লাইফ স্টাইল, বায়ুদূষণসহ নানা কারণে এই অসংক্রামক রোগগুলোতে দেশের শতকরা ৬৭ ভাগ মানুষ মারা যাচ্ছে। এই রোগগুলোর চিকিৎসা ব্যয় অনেক বেশি। এ জন্য সরকার অসহায়, দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয়ের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে দেশের ৬টি জেলায় এই ইউনিভার্সেল হেলথ কভারেজের আওতায় আনা হয়েছে। জেলাগুলো হচ্ছে কুড়িগ্রাম, মানিকগঞ্জ, বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, লালমনিরহাট এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

নিপাহ ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিপাহ ভাইরাস ইনশাআল্লাহ এখন নিয়ন্ত্রণে আছে। এখানে নতুন কোনো রোগী আমরা সেভাবে পাচ্ছি না। কোনো মৃত্যুও হয়নি। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে প্রাথমিকভাবে ৫০০টি স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যসেবা দৈনিক ৮ ঘণ্টার পরিবর্তে মাসের ৩০ দিনই ২৪ ঘণ্টা সেবা ব্যবস্থা চালুর কাজ চলমান আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সভায় স্কুল পর্যায়ের শিক্ষার্থী শিশুদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক মিনি পকেট হেলথ গাইড বই দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনু বিভাগ) সৈয়দ মজিবুল হক, অতিরিক্ত সচিব (প্রশাসন অনু বিভাগ) মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরসহ অন্যান্য যুগ্ম সচিব ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

Join the conversation