06:22:54 am
Saturday, August 22

পিএসএল খেলতে পাকিস্তান গেলেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ থেকে বিদায় নিয়েছে সাকিবের ফরচুন বরিশাল। আর মার্চে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে দুই সপ্তাহের ছুটি পাচ্ছেন এই অলরাউন্ডার। এই সুযোগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ পেশোয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তান গেছেন সাকিব আল হাসান। সোমবার রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান।

প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও, সরাসরি চুক্তির মাধ্যমে সাকিবকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজটি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পেশোয়ারের জার্সিতে খেলবেন সাকিব। এই ১২ দিনে অন্তত ৫টি ম্যাচে খেলবেন তিনি।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার। এই ম্যাচেই একাদশে দেখা যেতে পারে সাকিবকে। এর আগে গতকাল (১৩ ফেব্রুয়ারি) সাকিবকে দলে নেওয়ার বিষয়টি ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে পেশোয়ার জালমি।

চলতি বিপিএলে নকআউট থেকে থেকে সাকিবের দল বাদ পড়লেও, পুরো আসর জুড়ে ব্যাট-বলে দ্যুতি ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে ৩৭৫ রানের পাশাপাশি তার নামের পাশে রয়েছে ১০টি উইকেট। রংপুরের কাছে ৪ উইকেটের হারে শেষ হয়ে যায় বরিশালের বিপিএল যাত্রা।

পিএসএলের নিলামে অবিক্রিত ছিলেন সাকিব। তবে, উইন্ডিজ তারকা শারফান রাদারফোর্ডের চোটে সুযোগ পেয়ে যান সাকিব। ক্যারিবীয় এই অলরাউন্ডারের বদলি হিসেবে সাকিবকে নিয়েছে পেশোয়ার। দলটির হয়ে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। খেলেছেন পিএসএলের আরেক দল করাচি কিংসের হয়েও। পিএসএলে এখন পর্যন্ত ১৩টি ম্যাচে ১৮০ রান করার পাশাপাশি ৮টি উইকেট নিয়েছেন সাকিব।

Share this post

Join the conversation