07:13:47 am
Sunday, August 23

বিয়ে অনুষ্ঠানে যাওয়াই কাল হলো দাদি-নাতনির

রাজধানীর তুরাগে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ঘটে এই দুর্ঘটনা।

নিহতরা হলেন— দাদি মোছা. সাজেদা খুকি (৫০) ও নাতনি মোছা. রাফিয়া আক্তার (৬ মাস)।

জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনিকে কোলে নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন সাজেদা খুকি। তুরাগ মেট্রোরেলের দুই নম্বর স্টেশনের নিচে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলটি তাদের সজেরো ধাক্কা দেয়। পরে স্থানীয়রা নাতনি রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দুটার দিকে মৃত ঘোষণা করেন। আর দাদি সাজেদা খুকি ঘটনাস্থলেই মারা যান। 

নিহতের রাফিয়ার বাবা রিফাত হোসেন  জানান, রাতে আমাদের পরিবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে তুরাগ মেট্রোরেলের ২ নম্বর স্টেশনের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল আমার মা ও আমার মেয়েকে ধাক্কা দেয়। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে আমার মাকে মৃত ঘোষণা করে। মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দুটার দিকে মৃত ঘোষণা করেন।

একমাত্র কন্যাকে হারিয়ে মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, বিয়ের দাওয়াত খেতে যাওয়াই কাল হলো তাদের।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,  মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। রাফিয়ার দাদির মরদহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।

Share this post

Join the conversation