05:14:11 pm
Friday, August 21

বিপিএলের চতুর্থ শিরোপা কুমিল্লার

আগে থেকেই  বিপিএলে তিনবার শিরোপা জিতে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার সেই রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে গেল তারা। বৃহস্পতিবার বিপিএলের ফাইনালে মাশরাফি বিন মর্তুজার সিলেট সিক্সারসকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা উৎসব করছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে কুমিল্লার মুখোমুখি হয় সিলেট। মুকুটের লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৫ রান করেছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন মুশফিকুর রহিম। জবাবে ব্যাট করতে নেমে জনসন চার্লসের অপরাজিত ৭৯ রানের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

  ম্যাচে কুমিল্লার বিপক্ষে ১৬ ওভার পর্যন্ত ম্যাচে ছিল সিলেট। শেষ ২৪ বলে ম্যাচ জিততে ভিক্টোরিয়ান্সের প্রয়োজন পড়ে ৫২ রান। ১৭তম ওভারে আক্রমণে আসেন পেসার রুবেল হোসেন। আর এই ওভারেই ম্যাচকে শেষ করে দেন জনসন চার্লস ও মইন আলি। এই ওভার থেকে ২৩ রান তুলে নেন দুজনে। তিন ছক্কার সঙ্গে আসে একটি বাউন্ডারি। ম্যাচটা পরিণত হয় আনুষ্ঠানিকতায়। ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা। ৫২ বলের ইনিংসে চার্লস অপরাজিত থাকেন ৭৯ রানে। আর মইনের হার না মানা ২৫ রানের ইনিংসটি গড়া ১৭ বলে।

গতকাল টস জয় দিয়ে শুরু করেন ইমরুল। ব্যাটিংয়ে পাঠান সিলেটকে। আগে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত (৬৪) ও মুশফিকুর রহিমের (৭৪*) দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে মাশরাফির দল। জবাবে মাত্র ৩৪ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় কুমিল্লা। তৃতীয় উইকেট জুটিতে পরিস্থিতি সামাল দেন লিটন দাস ও চার্লস। তৃতীয় উইকেটে ৫৭ বলের জুটিতে ৭০ রান যোগ করেন দুজনে। ৩৯ বল খেলে ৫৫ রান করে সাজঘরমুখো হন লিটন। এরপর বাকিটা চার্লস ও মইনের। অবিচ্ছিন্ন ৪০ বলের জুটিতে ৭২ রান যোগ করেন দুজনে।

এবারের আসরে প্রথম তিন ম্যাচেই হেরেছিল কুমিল্লা। এরপর ফাইনালসহ টানা ১০ ম্যাচ জিতে সফল মিশন শেষ করল ইমরুল ব্রিগেড।

Share this post

Join the conversation