বইমেলায় ছিনতাই, সেই দুই নেতাকে বহিষ্কার করলো ছাত্রলীগ
বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতদের একজনের নাম মোহাইমিনুল ইসলাম ইমন। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। আরেকজন হচ্ছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব হোসাইন রবিন। ইমন বাংলা বিভাগ এবং রবিন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহ-সভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও রাজিব হোসাইন রবিন (সহ-সভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বইমেলায় চাঁদপুর থেকে আসা একদল দর্শনার্থীকে আটক করে। তারা ওই দর্শনার্থীদের মাদক ব্যবসা করে এমন অভিযোগ তুলে তাদের শরীর তল্লাশি করতে থাকে। তল্লাশির পরে কোনো মাদকদ্রব্য না পেয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ১৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীরা তাদের কাছে আকুতি করে এবং বলে তাদের কাছে চাঁদপুরে ফেরার টাকা নেই। পরে ছিনতাইকারীরা ৬০০ টাকা ফেরত দিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে উপস্থিত আশপাশের লোকজনের সন্দেহ হলে তাদের আটক করেন এবং পুলিশের হাতে সোপর্দ করেন। ভুক্তভোগীদের করা মামলায় অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে শাহবাগ থানা। শুক্রবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত।

Join the conversation