তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ঘানার ফুটবলারের মরদেহ উদ্ধার
অবশেষে দীর্ঘ ১১ দিন নিখোঁজ থাকার পর পাওয়া গেল ক্রিস্তিয়ান আতসুকে। তবে জীবিত নয়, মৃত। ভয়াবহ ভূমিকম্পের কারণে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো এই ফুটবলারকে। খবরটি নিশ্চিত করেছেন আতসুর তুর্কি এজেন্ট মুরাত উজুনমেহমেত। সাংবাদিকদের মুরাত বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে পাওয়া গিয়েছে আতসুর নিথর দেহ। বর্তমান আরও অনেক কিছু বের করা হচ্ছে। তার ফোনও খুঁজে পাওয়া গিয়েছে।’ ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগে দক্ষিণ তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল আতসুর। হাতায়াস্পোর ক্লাব ম্যানেজার এমনটাই জানান। কিন্তু পরে ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ঘানাইয়ান ফুটবলার।
ভূমিকম্পে নিখোঁজ হওয়ার আগের দিন দলকে জয়ের আনন্দে ভাসিয়েছিলেন তিনি। কাসিমপাসার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেন এই উইঙ্গার। কিন্তু এর কয়েকঘণ্টার মধ্যেই ওলটপালট হয়ে গেল সবকিছু। স্ত্রী ছাড়াও দুই পুত্র এবং এক কন্যাকে নিয়ে তুরস্কের আনতাকিয়া শহরে থাকেন আতসু। জাতীয় দলে ঘানার হয়ে ৬৯ ম্যাচে ৫ গোল করেছেন তিনি। তুর্কিশ লিগে পাড়ি জমানোর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় খেলেছেন তিনি। ২০১৩ সালে তার সঙ্গে চুক্তি করে চেলসি। কিন্তু ব্লুজদের জার্সি গায়ে একটি ম্যাচও খেলা হয়নি। চার মৌসুমের পুরোটাই কাটিয়েছেন লোনে। এক মৌসুম লোনে খেলার পর তাকে পাকাপাকিভাবে দলে ভেড়ায় নিউক্যাসেল ইউনাইটেড।

Join the conversation