মাঠে নেমেই অপমানের শিকার হলেন লামিচানে
যৌন নিপীড়নের মামলায় চার মাস জেল খেটেছিলেন নেপালের ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে।
যৌন নিপীড়নের মামলায় চার মাস জেল খেটেছিলেন নেপালের ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে। বর্তমানে জামিনে রয়েছেন তিনি। মাঠে ফেরার পরও সেই রেশ রয়ে গেছে। ক্রিকেট মাঠে লামিচানের সঙ্গে হাত মেলাননি স্কটল্যান্ডের কোনও ক্রিকেটার। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কির্তিপুরে নেপালের কাছে ওয়ানডেতে ৩ উইকেটে হেরেছে স্কটল্যান্ড। ম্যাচের পর স্কটিশ খেলোয়াড়রা প্রতিপক্ষ দলের লামিচানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। নেপাল, নামিবিয়া ও স্কটল্যান্ডকে নিয়ে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর অধীনে ত্রিদেশীয় সিরিজটি মাঠে গড়িয়েছে।
স্কটিশদের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে নেপালের হয়ে ১০ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন লেগ স্পিনার লামিচানে। কিন্তু ম্যাচের পর স্কটল্যান্ডের ক্রিকেটাররা নেপালের সবার সঙ্গে হাত মেলালেও লামিচান আসতেই হাত নামিয়ে নেয়। যে ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রাথমিকভাবে স্কটল্যান্ডের পরিকল্পনা ছিল, পুরো নেপাল দলকেই হাত মেলানোর সময় এড়িয়ে যাবেন তারা। তবে পরে তারা ঠিক করেন, শুধুমাত্র লামিচানের বেলায় হাত নিচে রাখা হবে। এটিকেই অধিক শক্তিশালী প্রতিবাদ হিসেবে দেখছেন তারা।
/এএ/
