ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের কেওয়াটখালি এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
ময়মনসিংহের কেওয়াটখালি এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম ও নেত্রকোনার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বলাশপুর এলাকায় বগিটি লাইনচ্যুত হয়। এ নিয়ে এই বছর চতুর্থবারের মতো বগিটি লাইনচ্যুত হলো।
ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে লোকোসেডের কর্মীরা কাজ শুরু করেছেন বলে জানান লোকোসেডের ইনচার্জ মো. আবদুর রহিম।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১৭ ডিসেম্বর ট্রেনটির একই বগি নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়েছিল।
ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, এক বছরে চারবার একই ট্রেনের একই বগি লাইনচ্যুত হলো। এতে স্পষ্ট হয়েছে সমস্যা বগিরই। এর আগে দুটি তদন্তে লাইনের ত্রুটির কথা বলা হলে তারা লাইন ঠিক করেন।
ময়মনসিংহ রেলওয়ে ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. শাহীনুল ইসলাম বলেন, আগের স্থানেই ৭টা ৩৫ মিনিটের দিকে বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি গত ১৭ ডিসেম্বর লাইনচ্যুত হওয়ার পর মেরামতের জন্য কারখানায় বুকিং দেওয়া হয়। মূলত ট্রেনটির বগির ট্রলির সমস্যা। সে কারণে এটি মেরামতের জন্য পাঠানো হচ্ছিল চট্টগ্রামের পাহাড়তলিতে। তবে সেখানে যাওয়ার পথে এটি আবারও লাইনচ্যুত হয়েছে।
