ভোলায় ২২ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা প্রায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি পিস ও চিকিৎসা সামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা মালপত্রের মধ্যে একটি ট্রলারসহ ১৭ হাজার ৮২৪টি বিভিন্ন মানের ভারতীয় শাড়ি, ১৬৬টি থ্রি পিস এবং ৬৪৪২টি চিকিৎসার সামগ্রী রয়েছে।
জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে ভোলা জেলার সদর উপজেলার তুলাতলি সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় মেঘনা নদী থেকে যাওয়া একটি ট্রলারকে সন্দেহ হওয়ায় ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রলারটি দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা এ সময় ৪ রাউন্ড ফাঁকা গুলি করার পর পাচারকারীরা ট্রলারটি পাশের একটি চরে রেখে পালিয়ে যায়।
এ সময় এফবি আবিদ নামের ওই ট্রলারটিতে থাকা শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা এসব মালপত্র পাওয়া যায়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান।
লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান আরও জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে জব্দ করা শাড়িসহ সব মাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Join the conversation