01:53:21 am
Tuesday, August 25

জামিন পেয়েছেন ইরানি অভিনেত্রী

ইরানে হিজাব বিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোয় দেশটির অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে গ্রেফতার করা হয়েছিল। গত ৪ জানুয়ারি জামিনে মুক্তি পেয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী জাহরা মিনোই। মুক্তির পর বেশ উচ্ছ্বসিত দেখা যায় অভিনেত্রীকে। ওই মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তারানেহর গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছিলেন মধ্যপ্রাচ্যের একাধিক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। হলিউড তারকা কেট উইনসলেট বিনাশর্তে মুক্তি দাবি করেছিলেন আলিদুস্তির।

শুধুমাত্র ইনস্টাগ্রামেই তারানেহ’র ৮০ লাখের বেশি অনুসারী আছেন। হিজাব বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পরেই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন এই অস্কারজয়ী অভিনেত্রী।

গত ১৬ সেপ্টেম্বর হিজাব না পরার অপরাধে পুলিশি হেফাজতে কুর্দিস তরুণী মাহশা আমিনির মৃত্যু হয়েছিল। ওই দিনই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তারানেহ লেখেন, বন্দিত্বের অভিশাপ। গত ৯ নভেম্বর স্কার্ফ পরা ছাড়া নিজের ছবি পোস্ট করেন। সেখানে নারীদের স্বাধীনতার কথা তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক আসগর ফরহাদীর ‘দ্য সেলসম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদেই অস্কার পেয়েছিলেন তারানেহ আলিদুস্তি। চলতি বছরে কান চলচ্চিত্র উ‍ৎসবে তার অভিনীত ‘লায়লাস ব্রাদার্স’ প্রদর্শিত হয়।

Share this post

Join the conversation