অ্যান্ড্রয়েড ফোনে স্যাটেলাইট প্রযুক্তি
গত বছর আইফোন ১৪ সিরিজ উন্মোচনের মাধ্যমে স্যাটেলাইট কানেক্টিভিটি ব্যবহারের সুবিধা প্রকাশ্যে আনে অ্যাপল। এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে শিগগিরই এ ফিচার যুক্ত হতে যাচ্ছে।
গত বছর আইফোন ১৪ সিরিজ উন্মোচনের মাধ্যমে স্যাটেলাইট কানেক্টিভিটি ব্যবহারের সুবিধা প্রকাশ্যে আনে অ্যাপল। এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে শিগগিরই এ ফিচার যুক্ত হতে যাচ্ছে। স্যাটেলাইট ফোন ফার্ম ইরিডিয়ামের সঙ্গে নতুন চুক্তি করেছে চিপ জায়ান্ট কোয়ালকম। চলতি বছরেই প্রিমিয়াম স্মার্টফোনগুলোয় স্যাটেলাইট কানেক্টিভিটি ব্যবহার করা যেতে পারে।
ফিচারটি চালু হলে যেসব জায়গায় মোবাইল নেটওয়ার্ক নেই, সেসব জায়গায় স্যাটেলাইটে যুক্ত হওয়ার মাধ্যমে মেসেজ আদান-প্রদান করা যাবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে এখন অধিকাংশ প্রতিষ্ঠানই কোয়ালকমের প্রসেসর ব্যবহার করে। এ চুক্তির মাধ্যমে বিশে^র লাখ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারবেন। এ জন্য নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের ডিভাইস ব্যবহার করতে হবে না। তবে ফিচারটি চালুর সক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে থাকবে।
ব্রিটিশ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বুলিট প্রথম নিজস্ব স্যাটেলাইট পরিষেবা চালু করে এবং এর মাধ্যমে অ্যাপলকে ছাড়িয়ে যায়। তবে এটি শুধু জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে ব্যবহার করা যায়। ইরিডিয়ামই প্রথম স্যাটেলাইট ফোন সিস্টেম প্রকাশ করে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি পৃথিবীর নিম্নকক্ষপথে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে। ২০১৯ সালে ৭৫টি স্যাটেলাইটের নেটওয়ার্ক সম্পন্নও করে। স্যাটেলাইটগুলো পৃথিবী পরিভ্রমণ করে এবং পৃথিবী থেকে ৪৮৫ মাইল বা ৭৮০ কিলোমিটার দূর থেকে প্রদক্ষিণ করে। এগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি তথ্য আদান-প্রদানেও সক্ষম।
কোয়ালকম জানায়, প্রথম পর্যায়ে স্ন্যাপড্রাগন স্যাটেলাইট ফিচারটি প্রতিষ্ঠানটির প্রিমিয়াম চিপসেটে যুক্ত করা হবে। কম বাজেট ডিভাইসে এটি চালুর সম্ভাবনা কম। পর্যায়ক্রমে ট্যাবলেট, ল্যাপটপ এমনকি গাড়িতেও এ সংযোগ ব্যবহারের সুবিধা যুক্ত করা হবে।পাশাপাশি এটি এমন একটি সেবায় পরিণত হবে যেটি জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে না। তবে এটি ব্যবহারে গ্রাহকদের অর্থ ব্যয় করতে হবে।
সেলফোন কমিউনিকেশনের জন্য স্যাটেলাইট কানেক্টিভিটিকে ভবিষ্যৎ হিসেবে গণ্য করা হয়। কেননা যেসব জায়গায় মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে এ সুবিধা যোগাযোগ স্থাপনে সহায়তা করবে। প্রত্যন্ত ও রিমোট অঞ্চলে এটি বেশি সহায়ক হবে। ইলন মাস্কের স্টারলিংক এরই মধ্যে ব্রডব্যান্ড নেটওয়ার্ক কাভারেজ দিতে স্যাটেলাইট কানেক্টিভিটি ব্যবহার করছে।
