ঘন কুয়াশায় শাহজালালে অবতরণ করতে পারেনি ৭ ফ্লাইট
ঘন কুয়াশার কারণে শনিবার মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। বেশ কয়েক ঘণ্টা আকাশে ঘোরাঘুরি করার পর,
ঘন কুয়াশার কারণে শনিবার মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। বেশ কয়েক ঘণ্টা আকাশে ঘোরাঘুরি করার পর, ৬টি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র। অপর একটি ফ্লাইট মালয়েশিয়া থেকে উড্ডয়নের দুঘণ্টা পর কুয়াশা পরিস্থিতি জানতে পেরে ফের মালয়েশিয়ায় চলে যায়। ঢাকা বিমানবন্দরের পরিস্থিতি সকাল ৭টা পর্যন্ত স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার রাত ১২টার পর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠা-নামা ব্যাহত হয়। বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন, কুয়াশার কারণে রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় সাতটি ফ্লাইট চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করলেও সেখানে পার্কিং স্পেসের সংকট থাকায় কলকাতা চলে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, ঢাকায় অবতরণ করতে না ফ্লাইটগুলো হলো- কুয়ালালামপুর থেকে আসা বাটিক এয়ার, কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, বিমানের দাম্মাম, গালফ এয়ারের বাহরাইন ও সালাম এয়ারের মাস্কাট থেকে আসা উড়োজাহাজ।
এছাড়া কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট ওড়ার ২ ঘণ্টা উড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার বিষয়ে জানতে পেরে মাঝ আকাশ থেকেই কুয়ালালামপুর ফিরে যায়। অপরদিকে সৌদির জেদ্দা থেকে ঢাকার একটি ফ্লাইট যাত্রা বাতিল করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশা কমে যাওয়ার পর আকাশে চক্কর দিতে থাকা ও কলকাতা থেকে আসা ফ্লাইটগুলোকে আগে অবতরণের সুযোগ দেওয়া হবে। এরপর ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ফ্লাইট উড্ডয়ন করতে দেয়া হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শাহেদ আহমেদ খান গণমাধ্যমকে জানান, রানওয়ের দৃশ্যমানতা কম থাকায় ৭টি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে মালয়েশিয়া ও কলকাতায় অবতরণ করেছে।
শাহেদ আহমেদ খান জানান, \'কুয়াশার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে আমরা জনবল বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি যাতে কুয়াশা কেটে যাওয়ার পর অনেকগুলো ফ্লাইট একই সময়ে অবতরণের পর দ্রুত অভিবাসন ও অন্যান্য কাজ করা যায়। অন্যান্য বিমানবন্দরে অবতরণকারী ফ্লাইটগুলো ঢাকায় ফিরতে শুরু করেছে।
