মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় মো. রাব্বি (২২) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালক ওয়াহিদ মিয়া (৬০)। রোববার (৮ জানুয়ারি) ভোরে মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
রাব্বি নরসিংদীর রায়পুরা উপজেলার তলাতুলী গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে। তিনি একটি দোকানে কর্মচারী ছিলেন।
আহত ভ্যান চালক ওয়াহিদ মিয়া জানান, সকালে মুরগি নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান এক নম্বর গেটের সামনে পৌঁছলে হঠাৎ একটা ট্রাক আমার ভ্যানকে ধাক্কা দিলে রাব্বি ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Join the conversation