05:28:31 am
Sunday, August 23
এসএসসির ফল ৩০ এপ্রিলের মধ্যে

এসএসসির ফল ৩০ এপ্রিলের মধ্যে

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্য দিয়ে অনুষ্ঠিত চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ থেকে ৩০ এপ্রিলের মধ্যে প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। প্রাথমিকভাবে ২৮ অথবা ৩০ এপ্রিল সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এতে অংশ নেন।

ফল প্রকাশের তারিখ নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় পেলে তারিখ চূড়ান্ত করা হবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রথা অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের সচিব ও সব বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলের সারসংক্ষেপ তুলে দেন।

প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। আর ওই দিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

এসএসসি পরীক্ষা গত ১ ফেব্রুয়ারি শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৪ মার্চ।

এবার পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ ও ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন। সাধারণ আট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮।

দাখিলে পরীক্ষার্থী ২ লাখ ৮৯ হাজার ৭৫২ জন। এসএসসি ভোকেশনালে ১ লাখ ১৪ হাজার ৭৬৯ জন অংশ নিতে নিবন্ধন করে।

Share this post

Join the conversation