খালেদার জামিন বিষয়ে আদেশ রোববার
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদনের বিষয়টি আদালতের নজরে আনলে আদেশের জন্য এ দিন ধার্য করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।
এ বিষয়ে খালেদার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, বিচারিক আদালত থেকে ১৫ দিনের মধ্যে নথি আসার কথা।আজ ১৬ দিন চলছে।তাই আমরা খালেদার জামিন আবেদনটি আদেশের জন্য রাখার অনুরোধ জানিয়েছিলাম।
বিচারক তখন বিষয়টি রোববার আদেশের জন্য কার্যতালিকায় রাখার কথা বলেন।
এরআগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।
এরপর থেকেই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে আছেন খালেদা।
কারাবাসের শুরুতে খালেদা জিয়াকে ডিভিশন না দেওয়া হলেও ১১ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে ডিভিশন পান তিনি।একইসঙ্গে তার সঙ্গে গৃহপরিচারিকা ফাতেমাকেও রাখার অনুমতি দেওয়া হয়।
পরে ১৯ ফেব্রুয়ারি বিকেলে রায়ের সত্যায়িত কপি হাতে পান খালেদা জিয়ার আইনজীবীরা।এরপর ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তার আইনজীবীরা।বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল গ্রহণ করে বিচারিক আদালতে খালেদা জিয়াকে করা অর্থদণ্ড স্থগিতের আদেশ দেন।
একইসঙ্গে এ মামলায় বিচারিক আদালতের সকল নথি আগামী ১৫ দিনের মধ্যে হাইকোর্টে পাঠাতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশনা দেয়া হয়।এরপর ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার করা জামিন আবেদনের ওপর শুনানি হয়।
এদিন নিম্ন আদালতের নথি আসার পরে খালেদার জামিন বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানান হাইকোর্ট।

Join the conversation