03:11:04 am
Tuesday, August 25

‘চাকরি মেলা’য় বেকারত্ব ঘুচল ২৫০ তরুণের

শিল্প প্রতিষ্ঠানে যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ করে দিতে হাজারো বেকারের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জয়দেবপুরে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ৭ ও ৮ জানুয়ারি দুই দিনব্যাপী ‘চাকরি মেলা’ আয়োজন করে গাজীপুর জেলা প্রশাসন। 

প্রথমবারের মতো আয়োজিত এ চাকরি মেলায় গিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেলেন ২৫০ জন চাকরিপ্রার্থী। মেলার শেষ দিনে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মেলায় অংশগ্রহণ করা শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেক্সিমকো টেক্সটাইলস, মোগড়খাল যুব ও সমাজকল্যাণ সংসদ এবং নোমান গ্রুপ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।


গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টি করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় বেক্সিমকো টেক্সটাইল লি., স্কয়ার টেক্সটাইল মিলস লি., ফার্মাসিউটিক্যালস লি., নেসলে বাংলাদেশ লি., ওয়ালটন গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, বাটা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপসহ ছোট-বড় ৪০টির মতো প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ ছাড়াও সরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, যুব উন্নয়ন অধিদফতর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ জেলা প্রশাসনের দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্যসংবলিত স্টল বসানো হয়। সেখানে ওইসব শিল্প প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা চাকরিপ্রার্থীদের সঙ্গে দক্ষতা, অভিজ্ঞতা বিনিময় করেন।

জেলা প্রশাসক আরও জানান, দুই দিনব্যাপী চাকরি মেলায় শিক্ষিত বেকার তরুণদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মেলায় দুই দিনে ২৪ হাজার চাকরিপ্রার্থী তাদের সিভি জমা দিয়েছেন। 

এসব সিভি থেকে মেলায় অংশগ্রহণকারী ৪০টি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদের বিপরীতে মোট ১ হাজার ৭১৮ জনকে প্রাথমিকভাবে বাছাই করেছে। প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের সংখ্যা রয়েছে ১ হাজার ১২৩টি। মেলার সমাপনী অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদের বিপরীতে ২৫০ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া ক্যারিয়ার বাছাই, জীবন বৃত্তান্ত প্রস্তুতকরণ, উদ্যোক্তা হিসেবে কাজ করা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বাছাই করা সিভি অনুযায়ী যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করবে।

Share this post

Join the conversation