সূর্য দেখা গেলেও কুয়াশায় মোড়ানো ৯ জেলা
পাঁচ দিনের তীব্র শীতের পর বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কুয়াশা আর মেঘ ঠেলে রাজধানীতে সূর্য উঁকি দেওয়ায় আবহাওয়ার উন্নতি হচ্ছে। সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
পাঁচ দিনের তীব্র শীতের পর বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কুয়াশা আর মেঘ ঠেলে রাজধানীতে সূর্য উঁকি দেওয়ায় আবহাওয়ার উন্নতি হচ্ছে। সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ওই সময় থার্মোমিটারের পারদ ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ জানিয়েছে, সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা ও যশোরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। সকাল থেকে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে সকাল থেকে কনকনে শীত বিরাজ করলেও দুপুরে কিছুটা গরম অনূভূত হবে।
আবহাওয়ার এক পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, সোমবার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার কারণে পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল করতে দেখা গেছে সীমিত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমান কমলেও কুয়াশাচ্ছন্নভাব ছিল। সেই সঙ্গে সকাল থেকেই অন্যান্য দিনের তুলনায় শীত বেশি ছিল।
সোমবার (৯ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের তরফ থেকে জানা গেছে , টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙা, সাতক্ষীরা, কুষ্টিয়া এবং রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টায় কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামী তিন দিনে তাপমাত্রা আবার কমতে শুরু করবে এবং বর্ধিত পাঁচ দিনে দেশের কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়ে ১২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছে। তবে ঢাকা বিভাগের অন্য পাঁচ জেলার তাপমাত্রা এখনো ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে। এই বিভাগের অন্য চার জেলার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৯, ১০, ১১ এবং ১২ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। রংপুর বিভাগে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এখানকার জেলাগুলোর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। তাপমাত্রা আরও কম রয়েছে বরিশাল ও ময়মনসিংহে। সে তুলনায় চট্টগ্রামের তাপমাত্রা বাড়তি রয়েছে।
