11:54:10 am
Sunday, June 21
সাকিব

দেশে ফিরে রশিদ খানকে নিয়ে যা বললেন সাকিব

রবিবারের ফাইনাল শেষ করে আজ সোমবার ঢাকায় ফিরেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। রাত পোহালেই আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। তার আগে বিশ্বসেরা অল-রাউন্ডার মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। বললেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে নিজের ভাবনার কথা। অধিনায়ক সাকিবের মতে, ক্রিকেটের ছোট ফরম্যাটে আফগানরাই ফেবারিট। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে টেস্ট অভিষেকের...

রবিবারের ফাইনাল শেষ করে আজ সোমবার ঢাকায় ফিরেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। রাত পোহালেই আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। তার আগে বিশ্বসেরা অল-রাউন্ডার মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের।

বললেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে নিজের ভাবনার কথা। অধিনায়ক সাকিবের মতে, ক্রিকেটের ছোট ফরম্যাটে আফগানরাই ফেবারিট।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা আফগনিস্তান।

সুতরাং খুব সহজেই দুই দলের পার্থক্য করেছেন সাকিব, 'আসলে টি-টোয়েন্টিতে ফেভারিট বা ফেবারিট নয়, এই ধরনের কোনো তকমা থাকে না। যে কোনো দল যে কোনো দিন যে কাউকে হারাতে পারে। ফেভারিট বলতে হলে, আফগানিস্তান যেহেতু আমাদের চেয়ে দুই ধাপ এগিয়ে, আমি বলব ওরাই ফেভারিট।'

আইপিএলে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ রানার্সআপ হয়েছে। সেই দলের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছেন সাকিব। সতীর্থ ছিলেন আফগানিস্তানের রশিদ খান। যাকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা স্পিনার বলা হচ্ছে। সাকিবের সঙ্গে তার স্পিন জুটি দারুণ জমে গিয়েছিল।

এই তরুণ স্পিনারকে কাছ থেকে দেখেছেন সাকিব। আগের দিনই মাহমুদ উল্লাহ বলেছেন, সাকিবের এই অভিজ্ঞতা কাজে লাগবে বাংলাদেশের। তো কী অভিজ্ঞতা পেলেন সাকিব?

বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় এসব নিয়ে খুব একটা ভাবনায় না গিয়ে বললেন, 'আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে, সবাই ভালো বোলার। এর মধ্যেও কেউ ভালো বল করবে, কেউ খারাপ করবে। ভালো ব্যাটসম্যান হলে ভালো বোলারদের সামলাবে, এটাই নিয়ম। এর বাইরে ভাবার কিছু নেই।'

অধিনায়কের এই আত্মবিশ্বাস দলের সকলের মাঝে ছড়িয়ে যাওয়টাই এখন আসল।

তাহলেই ৩ জুন থেকে শুরু হতে চলা ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাফল্য দেখবে দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলা বাংলাদেশ।