04:24:18 am
Tuesday, August 25

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্স গোলকিপার লরিস

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস। তার নেতৃত্বে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। কাতার বিশ্বকাপ ফাইনালেও উঠেছিল দল। রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারে তারা।
কাতার বিশ্বকাপের সময়ই ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়েন লরিস। আর্ন্তজাতিক গণমাধ্যম ডেইলিমেইলের সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবলে অবসরের ঘোষণা করেন তিনি। লরিস বলেন, ‘ইউরোর বাছাই পর্বের খেলা শুরু হবে আর কয়েকমাস পরেই। এটাই অবসর নেওয়ার সেরা সময়।’ নতুনদের সুযোগ দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  
২০০৮ সালে অভিষেক হয় লরিসের। উরুগুয়ের বিরুদ্ধে দেশের গোলবার আগলানোর দায়িত্ব ছিল তার ওপর। ফ্রান্সের হয়ে লরিস খেলেন ১৪৫টি ম্যাচ। ১২১টি ম্যাচে ফ্রান্সকে নেতৃত্ব দেন। দেশের হয়ে সাতটি বড় টুর্নামেন্ট খেলেছেন লরিস। ২০১৬ ইউরো কাপ ফাইনালে পর্তুগালের কাছে হারে ফ্রান্স। এরপর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে লরিসের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।  
লরিস বলেছেন, ‘একটা সময় সরে যেতে হয়। বরাবরই একটা কথা বলে আসছি, ফ্রান্স ফুটবল দল কোনও ব্যক্তিকেন্দ্রিক নয়। আমার জায়গা নেওয়ার জন্য একজন গোলকিপার প্রস্তুত রয়েছে। নিজের জন্যও একটু সময় প্রয়োজন। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। দীর্ঘ ১৪ বছরের বেশি সময় জাতীয় দলে খেলতে পেরেছি, এটা সহজ বিষয় নয়। মানসিক ভাবে অনেক চাপেরও। আশা করি, ক্লাব ফুটবলে আরও কয়েক বছর দক্ষতার সঙ্গে খেলতে পারব।’
/এএ/

Share this post

Join the conversation