05:48:21 am
Tuesday, August 25

৪ কৃষকের পর এবার ৬ রোহিঙ্গা অপহৃত

কক্সবাজারের টেকনাফে স্থানীয় চার কৃষক অপহরণের পর সাড়ে ১৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরার কিছু দিন যেতে না যেতেই এবার ছয় রোহিঙ্গাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার টেকনাফ উপজেলার ২১ নং রোহিঙ্গা ক্যাম্পের পাশর্^বর্তী স্থানীয় বেলাল (৩৫) নামের এক ব্যক্তির মাধ্যমে ছয়জন রোহিঙ্গা হ্নীলা ইউনিয়নে কাজের সন্ধানে গেলে পাহাড়ি অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের অপহরণ করে বলে জানা গেছে। 

অপহরণের শিকার রোহিঙ্গারা হলেন- টেকনাফের চাকমারকুল ২১ নং রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী আমির হাকিমের ছেলে মো. ফরোয়াস (২০) ও মো. জুহার (৩০), মোহাম্মদ ইসলামের ছেলে মো. নূর (৩৫), আবুল হোসেনের ছেলে নুরুল হক (৩০), ইউসুফের ছেলে জাহিদ হোসেন (৩৫), আবদুস সালামের ছেলে মো. ইদ্রিস (১৯)।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, অপহৃত মোহাম্মদ নুরের ফোন নম্বর থেকে আরেক অপহৃত জুহারের স্ত্রী শফিকা বেগমের কাছে ফোন করে জনপ্রতি ৫০ হাজার করে মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা। টাকা দিতে না পারলে অপহৃতদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান জুহারের স্ত্রী। 

জুহার ও ফরোয়াসের পিতা আমির হাকিম বলেন, আমাদের ক্যাম্পের পাশের বেলাল নামের একজন বাঙালি ছেলে ছয়জনকে মাটি কাটার কথা বলে হ্নীলা পাঠিয়েছেন। তারা (অপহৃতরা) হ্নীলা যাওয়ার পর মোবাইল বন্ধ পাওয়া যায়। আর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। 

২১ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ছয়জন অপহরণের বিষয়টি শুনেছি এবং এপিবিএনকে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) জানিয়েছি। এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন তিনি।

Share this post

Join the conversation