05:48:21 am
Tuesday, August 25

চাঁদপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

চাঁদপুরে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা মিস্ত্রি (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
চাঁদপুর জেলা কারাগারের জেলার মো. মনির হোসাইন জানান, হাজতি মোস্তফা মানব পাচার মামলার একজন আসামি ছিলেন। ২০২২ সালের ২৬ নভেম্বর তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। তারপর থেকেই তিনি এখানে ছিলেন। শুক্রবার রাত ১১টায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে তাকে ভর্তির পরামর্শ দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালত থেকে তার জামিন নেওয়া হয়েছে বলে দাবি করা হলেও আদালত থেকে জামিনের কোন কাগজপত্র এখনও কারাগারে এসে পৌঁছায়নি। 
স্বজনরা জানান, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালত থেকে তিনি জামিন পান। কিন্তু জামিনের কাগজ কারাগারে না আসায় মুক্ত হননি। গত রাতে হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল জানান, রাতে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় সে তার বুকে ব্যথা অনুভব করছিল। তার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ  ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Share this post

Join the conversation