05:10:20 am
Sunday, August 23

নাইজেরিয়ার জমি লিজ নিতে চায় বাংলাদেশ

নাইজেরিয়ায় বিপুল পরিমাণ জমি রয়েছে। চাষাবাদের লক্ষ্যে এসব জমি লিজ নিয়ে ব্যবহার করার কথা ভাবছে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল নাইজেরিয়ার যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতিবিষয়ক মন্ত্রী ইসা আলি ইব্রাহিম পান্তামির সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। এরপর আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের জানান দুই মন্ত্রী।

টিপু মুনশি বলেন, আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। ওদের প্রচুর পরিমাণ জমি আছে। চাষাবাদের জন্য আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তাছাড়া নাইজেরিয়া তেল সমৃদ্ধ দেশ, এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে নাইজেরিয়া বিনিয়োগ করতে চায় বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, দুই দেশের বিজনেস টু বিজনেস যারা আছেন তাদের জন্য একটা সংগঠন গড়ে তোলা এবং ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট করা যায় কি না তা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যকার সাদৃশ্য নিয়েও আলোচনা করেছেন তারা। টিপু মুনশি জানান, ‘নাইজেরিয়া মুসলিম অধ্যুষিত দেশ। এ ছাড়া আমাদের সংস্কৃতিগত মিলও রয়েছে। আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন সময়ে আমাদের তারা সাপোর্ট দেয়। আমরা অনুরোধ করেছি ২০২৬ সালে জাতিসংঘে আমাদের মেম্বারশিপের একটা ব্যাপার রয়েছে, সেখানে সাপোর্টের বিষয়ে তারা বলেছে কনসিডার করবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, নাইজেরিয়ার সঙ্গে আমদানি ও রফতানি সম্পর্ক বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে সহায়তার বিষয়ে নাইজেরিয়ার মন্ত্রী ইসা আলি ইব্রাহিম পান্তামি বলেন, ‘বাংলাদেশের অনুরোধের বিষয়ে আমরা বিবেচনা করব। আমরা সবসময় বাংলাদেশের পাশে থাকি, বাংলাদেশও নাইজেরিয়ার পাশে থাকে।’

বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে নাইজেরিয়ান মন্ত্রী বলেন, আমরা ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এখন যা হচ্ছে এর পাশাপাশি আরও উন্নত করতে কী করা প্রয়োজন সে বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের বাণিজ্য সম্পর্ক অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমরা আশা করি, বাংলাদেশের ব্যবসায়ীরা অন্তত নাইজেরিয়ায় আসবেন এবং বিনিয়োগ করবেন। আমরা নাইজেরিয়ার ব্যবসায়ীদেরও উৎসাহ দেব বাংলাদেশে বিনিয়োগের জন্য।

Share this post

Join the conversation