07:04:55 am
Tuesday, August 25

লরির ধাক্কায় পাঠাও চালক নিহত

রাজধানীর পল্টনের বটতলা স্কাউট ভবন এলাকায় লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শহিদুল ইসলাম (৪০) নামে এক পাঠাও চালক নিহত হয়েছে।

নিহত শহিদুলের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়।  তিনি সবুজবাগের কদমতলী বাসাবোতে ভাড়া থাকতেন। তিন ভাই দুই বোনের মধ্যে শহিদুল ছিল মেজ। তিনি পেশায় পাঠাও চালক ছিলেন।

রোববার (১৬ জানুয়ারি) রাত দুইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালক মো. জামিল জানান, আমার দুলাভাই মোটরসাইকেল চালিয়ে বাসাবো কদমতলা বাসায় যাওয়ার পথে পল্টনের স্কাউট ভবনের সামনে দ্রুতগামী একটি তেলের লরি তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় সিটকে পডড়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share this post

Join the conversation