পঞ্চম ডেটেও অক্ষয়কে বিয়ে করতে চাননি টুইঙ্কেল, অতঃপর...
অক্ষয় কুমার আর টুইঙ্কল খান্নার বিয়ে বলিউডের অন্যতম ‘পারফেক্ট ম্যারেজ’র মধ্যে অন্যতম। বিয়ের আগে নানা নায়িকার সাথে নাম জড়িয়েছিলো অক্ষয়ের। তবে, বিয়ের পর থেকে টুইঙ্কলের সাথে সুখী দাম্পত্য। আরভ ও নিতারা দুই সন্তানও রয়েছে তাদের। মঙ্গলবার জীবনের চড়াই উৎরাইয়ের ২২তম বছর পার করে ফেললেন এই জুটি। এদিন স্ত্রীকে নিয়ে আবেগঘন হয়ে পড়েন অক্ষয়। অন্যদিকে স্বামীর দেওয়া আদুরে উপহার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন টুইঙ্কেল। পাশাপাশি ফাঁস করেন নিজেদের প্রেম কাহিনির এক অজানা দিক।
একসময়ের তুমুল জনপ্রিয় তারকা দম্পতি রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেল তাদের বিবাহবার্ষিকীতে ফাঁস করলেন, পঞ্চম মোলাকাতে গিয়েও অক্ষয়কে সরাসরি বলেছিলেন যে তার মতো কাউকে জীবনেও বিয়ে করতে চান না। তারপর কী এমন ঘটেছিল, যা বদলে দিয়েছিল এই প্রেম কাহিনির দিশা?
স্বামী অক্ষয়ের সেই কীর্তিও মঙ্গলবার সামনে আনলেন অভিনয় থেকে ইস্তফা দেওয়া টুইঙ্কেল খান্না। এদিন অক্ষয়ের সঙ্গে একটি রোমান্টিক ভিডিও শেয়ার করেন তিনি। অক্ষয়ের দেওয়া একটি কার্ডও শেয়ার করেন। সেই কার্ডে একটি কার্টুন আঁকা। যার উপর লেখা টুইঙ্কেলের ডাক নাম টিনা। সেই কার্ডে অক্ষয়ের প্রশ্ন, ‘আমাদের দাম্পত্য কি ঠিক পথে চলছে?’
এরপর এই সফল ইনিংসের যাবতীয় ক্রেডিট নিজেকে দিয়ে বলিউড খিলাড়ি লিখেছেন, তার ধৈর্যের জন্যই এই সম্পর্ক অটুট। পাশাপাশি টুইঙ্কেলকে ‘রানি’ বলেও ডাকেন অক্ষয়।
এদিন অক্ষয়-ঘরণী জানান, ‘আমাদের পঞ্চম মোলাকাতে আমি ওকে (অক্ষয়) বলেছিলাম, তোমার মতো কাউকে আমি কোনোদিন বিয়ে করব না। পাল্টা জবাবে অক্ষয় বলেছিলেন, ‘আমার তো মনে পড়ছে না আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি।’ টুইঙ্কেল বলেন, অক্ষয়ের বলা এই লাইন শুনে আমি ফিদা হয়ে গিয়েছিলাম।’
এরপর টুইঙ্কেল আরও লেখেন, ‘দুই দশক পার হয়ে গেছে, আমরা একসঙ্গে একটা জীবন গড়েছি, দুই সন্তানকে মানুষ করেছি। আমাদের পরিবার বড় হয়েছে। কাজ, বন্ধুত্ব, পোষ্য, স্বাধীনতা আর স্থিরতায় ভরপুর একটা জীবন।’ যদিও পরে ভিডিওটি ডিলিট করে দেন টুইঙ্কেল। তার বদলে অক্ষয়ের দেওয়া কার্ডের ছবি এবং নিজেদের একটি ফটো শেয়ার করেন।
সেই পোস্টে পঞ্চম ডেটের ঘটনা সরিয়ে ফেলেন টুইঙ্কেল। এদিন স্ত্রীর সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা শেয়ার করেন অক্ষয় কুমার। লেখেন, ‘দুজন অসম্পূর্ণ মানুষ কী সুন্দরভাবে ২২ বছর একসঙ্গে কাটিয়ে দিল!! শুভ বিবাহবার্ষিকী টিনা।’
১৯৯৯ সালে ‘জুলমি’ আর ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ সিনেমায় একসঙ্গে কাজ করেন অক্ষয় আর টুইঙ্কেল। ২০০১ সালে করেন বিয়ে। লা বক্স অফিসে সুপার ফ্লপ হওয়ার পর অভিনয় ক্যারিয়ারে ইতি টেনেছিলেন টুইঙ্কেল। আপাতত অভিনয় থেকে অনেক দূরে, একজন লেখিকা হিসেবে নিজের কেরিয়ার গড়ে নিয়েছেন এই সাবেক নায়িকা। তবে অক্ষয় অক্ষয়ই আছেন।

Join the conversation