সিরাজগঞ্জে চোখ উপড়িয়ে শিক্ষার্থীকে হত্যা
সিরাজগঞ্জের গজারিয়ায় আবু বকর আনন্দ (১৫) নামে এক শিক্ষার্থীকে চোখ উপড়িয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়া সেচ পাম্পের ঘর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী গজারিয়া উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও চর চিলগাছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের বাবা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আবু বকরের বন্ধু রাজ্জাক ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সকালে তাদের ভাড়া নেওয়া সেচ পাম্পের ঘরের মধ্যে তার ছেলের রক্তাক্ত মরদেহ স্থানীয়রা দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সদর থানা পুলিশ, পিবিআই, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, নিহতের চোখে ও অন্ডোকোষে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Join the conversation