09:59:40 am
Tuesday, August 25

ঝালকাঠিতে বাস থেকে জব্দ ২০০ কেজির জাটকা ইলিশ

ঝালকাঠিতে দুইটি বাসে অভিযান চালিয়ে দুইশ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় দুই বাসের সুপারভাইজারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

জানা গেছে, বরিশাল-খুলনা মহাসড়কের বাসস্ট্যান্ড ব্রিজের ঢালে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেড এনডিসি অংছিং মারমা। এ সময় কুয়াকাটা থেকে বেনাপোলগামী কুয়াকাটা এক্সপ্রেসের সুপার ভাইজার এসএম রাহুল ও সেভেনস্টার পরিবহনের সুপার ভাইজার রুবেল হাওলাদারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জনাব রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

এনডিসি অংছিং মারমা বলেন, 'ইলিশ রক্ষায় কম্বিং অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনায় করা হয়। এসময় জাটকা ইলিশ পরিবহণের দায়ে দুইটি বাসের সুপারভাইজারকে পৃথক দুটি মামলায় জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রায় ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ ৬টি এতিমখানা, ১টি সরকারি শিশু পরিবার এবং উপস্থিত ৬ জন দরিদ্র রিকশাওয়ালার মাঝে বন্টন করা হয়েছে।

Share this post

Join the conversation