11:21:54 am
Tuesday, August 25

পাঠ্যপুস্তক নিয়ে অপশক্তিরাই অপপ্রচার চালাচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অভিযোগ করেছেন, শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তক নিয়ে দেশবিরোধী অপশক্তিরাই বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তিন বছর আগের ভারতের পশ্চিমবঙ্গের একটি বইয়ের ছবি দিয়ে এই অপপ্রচার চালানো হচ্ছে। যে বইটি এখন সেখানেও চলে না। পাঠ্যপুস্তকে যেসব ভুল শনাক্ত করা হয়েছে, তা নিরসন করা হচ্ছে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগরীর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসে দশম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাঠ্যপুস্তকে যেসব ভুল শনাক্ত করা হয়েছে, তা নিরসন করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে। বলা হচ্ছে আমাদের নতুন বইয়ে ইসলাম ধর্মবিরোধী বিষয় আছে, এটি সত্য নয়। ইসলাম ধর্ম সংক্রান্ত সকল বিষয় সরিয়ে দিয়ে ভিন্নধর্মী জিনিসপত্র আনা হয়েছে, এটি একেবারে অসত্য। তারা মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে চায় না, দেশের স্থিতিশীল পরিবেশটাকেও নষ্ট করতে চায়। তাদেরকে আপনারাও চিনেন।

দীপু মনি বলেন, যারা পাঠ্যবইয়ের ভুল শনাক্ত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। নবম-দশম শ্রেণির বইয়ে কিছু ভুল শনাক্ত হয়েছে। সেই ভুলের মধ্যে একটি তো খুব বড় তথ্যগত ভুল- বঙ্গবন্ধুর শপথ গ্রহণ বিষয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, ২০১৩ সাল থেকে প্রত্যেক বছরের বইয়ে এই ভুল ছিল। কিন্তু কখনো কারো চোখে পড়েনি সেটি।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর শিক্ষার্থীরা বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছেন বলেই ভুলটি ধরা পড়েছে। আমি শিক্ষার্থীদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাঠ্যবইয়ের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ, পাঠ্যবইগুলোর মান উন্নত করতে এবং আরও নির্ভুল করতে আমাদের অনুপ্রাণিত করবে।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখবেন। আমাদের পোশাক শিল্পে যে নারী কর্মীরা আছেন তারা এখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আজ সফল উদ্যোক্তা। তৈরি পোশাক শিল্পে তারা অবদান রাখছেন। এ বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেটি আজ অনেকটাই সফল। এ বিশ্ববিদ্যালয়ের নারীরা সমাজকে বদলে দিতে-নেতৃত্ব দিতে কাজ করছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার, সমাবর্তন বক্তা ছিলেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইমেরিটাস জন সেক্সটন। সমাবর্তনে ৬ জনকে এনডি মাতসুই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে ১৮ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। করোনার কারণে বিগত তিন বছর সমাবর্তন হয়নি। এবার ২০২০, ২০২১, ২০২২ শিক্ষাবর্ষের ৩০০ স্নাতককে সনদ প্রদান করা হয়।

Share this post

Join the conversation