বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত
রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় যাত্রীবাহী ভিক্টর ক্লাসিক পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া (২৪) নিহত হয়েছেন। রোববার দুপুরে প্রগতি সরণি যমুনা ফিউচার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে বিমানবন্দর এলাকার রাস্তায় যানচলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রগতি সরণিতে রোববার বেলা ১২টার দিকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ভিক্টর পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে বাসের তলায় পড়ে যান তিনি। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। পরে বাসটি দ্রুত চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাসটিকে জব্দ করা হলেও বাস চালক ও হেলপার পালিয়ে যায়। পরে নিহত নাদিয়ার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম আসাদুজ্জামান সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেল যোগে ভাটারার প্রগতি সরণী এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী ভিক্টর ক্লাসিক পরিবহনের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া ঘটনাস্থলে মারা যান। নিহত নাদিয়ার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি রাজধানীর উত্তরা এলাকায় থাকতেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতর বাবা জাহাঙ্গীর আলম মামলা করেছেন। চালক ও হেলপারকে গ্রেফতারে চেষ্ঠা চলছে।
- Tags:
- সড়ক দুর্ঘটনা
- ঢাকা
- বিমানবন্দর

Join the conversation