স্বপ্ন ভুলছেন আশরাফুল
আশার ফুল হয়ে ফুটেছিলেন বাংলাদেশের ক্রিকেটে। আবার সবথেকে বড় কলঙ্কও তিনি। বলা হচ্ছে মোহাম্মদ আশরাফুলের কথা। ক্রিকেটে বাংলাদেশের উত্থান পর্বের শুরুর দিকে যত স্মরণীয় জয়, এর প্রায় সবই তার ব্যাটে লেখা। ক্যারিয়ারের মধ্যগগণে তিনিই আবার জড়ান ফিক্সিংয়ে। নিষিদ্ধ হন পাঁচ বছর। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরেন ঘরোয়া ক্রিকেটে, স্বপ্ন ছিল জাতীয় দলে ফেরার। পারফর্মও করেছেন কিন্তু জাতীয় দলের দরজা তার জন্য খোলেনি। দেখতে দেখতে বয়স হয়ে গেছে ৩৮, পারফরম্যান্সেও নেই আগের ঝলক। বাস্তবতা মেনেই আশরাফুল ভুলেছেন জাতীয় দলে ফেরার স্বপ্ন।
বয়সের ভারে পারফরম্যান্স এতটাই পড়তির দিকে যে গতবারের মতো এবারের বিপিএলেও দল পাননি আশরাফুল। তবে ঘরোয়া ক্রিকেটের দুয়েকটি টুর্নামেন্টে এখনও নিয়মিত তিনি। তবে এখানেও যে খুব বেশি দিন টেকা সম্ভব হবে না, সেটা বুঝতে পারছেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। তাই আর দুয়েকটি মৌসুম খেলেই তিনি ইতি টানবেন ক্যারিয়ারের। রোববার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই জানালেন বিষয়টা, জানালেন জাতীয় দলে ফেরার স্বপ্ন ভুলবার কথাও, ‘না। এখন আর (জাতীয় দলে ফেরা) আশা করি না। এখন আমি শুধু খেলতে চাই। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি, কিন্তু যারা তরুণ আছে, তারা যে বসে আছে, ওটা নিয়েও চিন্তায় আছি। আর হয়তো দুয়েকটা মৌসুম খেলব। তারপর শেষ।’
জাতীয় দলে ফেরার স্বপ্ন ভুলে ইতিমধ্যে নিজের শেষ দেখে ফেললেও দীর্ঘদিনের সতীর্থ এবং কাছের বন্ধু মাশরাফি বিন মর্তুজাকে ফের জাতীয় দলে দেখতে চান আশরাফুল। চলমান বিপিএলে ৩৯ বছর বয়সি নড়াইল এক্সপ্রেস যেভাবে পারফর্ম করছেন, তাতেই এমন দাবি তুলেছেন তিনি, ‘মাশরাফির যা পারফরম্যান্স, তাতে অবশ্যই তার জাতীয় দলে খেলা উচিত। তরুণ ফাস্ট বোলারদের সঙ্গে তুলনা করলে উইকেট, ইকোনমি রেট- সবদিক থেকেই মাশরাফি সেরা। সে জাতীয় দলে খেলবে কি না তা গুরুত্বপূর্ণ। তবে ইংল্যান্ডের বিপক্ষে যে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে, তাতে সে সহজেই সুযোগ পাবে।’ কিন্তু আশরাফুল হয়তো ভুলে গেছেন, টেস্ট এবং ওয়ানডে নিয়ে কিছু না জানালেও টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিকভাবেই অবসর নিয়েছেন মাশরাফি।
আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বাকি দুই সংস্করণেও যে ফেরার আর কোনো সম্ভাবনা নেই, মাশরাফি নিজেই তা বলেছেন। গুঞ্জন আছে, চলতি বিপিএল খেলেই সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেবেন। এরপর বাড়তি মনোযোগ দেবেন রাজনীতিতে। দুয়েক মৌসুম পর খেলোয়াড়ি জীবনের ইতি টেনে আশরাফুল কী করবেন? এমন প্রশ্নে ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। তবে কোন ভূমিকায়, তা এখনও ঠিক করে উঠতে পারেননি বাংলাদেশের ক্রিকেটের প্রথম পোস্টারবয়, ‘এখনও ওইভাবে চিন্তা করিনি। তবে ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই। যেহেতু শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে, আমি সেই জিনিসগুলো ভাগাভাগি করতে চাই।’

Join the conversation