01:55:55 pm
Tuesday, August 25

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: ছয় পলাতক আসামির মৃত্যুদণ্ড

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ত্রিশালের ছয় আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল সোমবার এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই ছয় আসামির সবাই পলাতক। তারা হলেন-মোখলেছুর রহমান মুকুল, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির, নাকিব হোসেন আদিল সরকার ও সাইদুর রহমান রতন। এর আগে এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। গত ৫ ডিসেম্বর সিএভি রেখে আদেশ দেন আদালত। এরপর সোমবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

মামলা সূত্রে জানা যায়, ১৯৭১ সালের জুন-জুলাইয়ে ত্রিশালের আহমেদাবাদে একটি বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করে শান্তি ও রাজাকার বাহিনী। সে সময় কাকচর গ্রামের ইউনুছ আলী বীর মুক্তিযোদ্ধাদের নদী পারাপার করতেন। এ কারণে ইউনুছ আলীকে ধরে ক্যাম্পে নিয়ে যান ২০-২৫ জন। নির্যাতনের পর ’৭১ সালের ১৫ আগস্ট সকালে তাকে গুলি করে হত্যা করা হয়। তা ছাড়া ওই রাজাকার বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধকালে এলাকায় লুটপাট ও ধর্ষণের মতো অপরাধ করে।

এসব অভিযোগে পরে আসামিদের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়। এ অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) গঠন করে বিচার কাজ শুরু করেন ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ২৮ ডিসেম্বর ময়মনসিংহের বিচারিক আদালতে মামলাটি করেন মুক্তিযুদ্ধে শহিদ ইউনুছ আলীর ছেলে রুহুল আমিন। পরে ওই দিনই দুপুরে বিচারক আবেদা সুলতানা মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।

Share this post

Join the conversation