01:55:40 pm
Tuesday, August 25

হাইকোর্টে স্বাস্থ্যের ডিজির ক্ষমা প্রার্থনা

দেশের কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগের নির্দেশনা নির্ধারিত সময়ে বাস্তবায়ন না করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

কারাগারের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করায় গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) তলব করে হাইকোর্ট। তাকে ২৪ জানুয়ারি আদালতে উপস্থিত হতে বলা হয়।

রিটকারী আইনজীবী জে আর খান রবিন জানান, একাধিকবার সময় নিয়েও কারাগারের শূন্য পদে ৪৮ জন চিকিৎসক নিয়োগ দেননি তিনি। নিয়োগ না দেয়ার কারণ ব্যাখ্যা করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে তলব করে হাইকোর্ট। গত ১৭ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। আর কারা অধিদফতরের পক্ষে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম।

২০১৯ সালে কারাগারের হাসপাতালগুলোতে চিকিৎসকের শূন্য পদ পূরণের দাবিতে আইনজীবী জে আর খান রবিন হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছর ২৩ জুন এক আদেশে হাইকোর্ট সারাদেশের সব কারাগারে বন্দিদের ধারণক্ষমতা, বন্দি ও চিকিৎসকের সংখ্যা এবং চিকিৎসকের শূন্য পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়ে রুল জারি করে। নির্দেশ অনুসারে ২০১৯ সালের নভেম্বরে আদালতে কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে জানানো হয়েছিল, দেশের ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে মাত্র চিকিৎসক রয়েছেন ১০ জন। ওই প্রতিবেদন দেখে হাইকোর্ট কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছিল। পরে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর আদালতে দাখিল করা প্রতিবেদনে জানানো হয়, দেশের ৬৮টি কারাগারে ১৪১টি পদের মধ্যে ১১২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

জে আর খান রবিন জানান, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৪১টি কারা চিকিৎসকের শূন্য পদে চিকিৎসক আছেন মাত্র চারজন। যে কারণে শূন্য পদগুলোতে চিকিৎসক নিয়োগে আদালতের আগের আদেশ বাস্তবায়নের অবস্থা জানানোর নির্দেশনা চেয়ে আবেদন করি।

২০২২ সালের ১৫ নভেম্বর আদালত আগের আদেশ বাস্তবায়ন করতে বলেছে। আর এ বিষয়ে কারা মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে প্রতিবেদন দিতে (মৌখিক) আদেশ দেয় আদালত। আদেশ অনুসারে গত বছর ১৩ ডিসেম্বর কারা মহাপরিদর্শক একটি প্রতিবেদন দাখিল করে। 

এতে বলা হয়, দেশের ৬৮টি কারাগার ও একটি ২০০ শয্যার কারা হাসপাতালে বিভিন্ন স্তরের মোট ১৪১ চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে। কারা হাসপাতালে ১৪১টি চিকিৎসক পদের বিপরীতে প্রেষণে ও সংযুক্ত মিলিয়ে মোট ৯৩ জন চিকিৎসক রয়েছেন। পরে আদালত বাকি ৩৮টি শূন্য পদে চিকিৎসক নিয়োগের আদেশ ৭ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের আদেশ দেয়। তা বাস্তবায়ন না করায় ডিজিকে তলব করে হাইকোর্ট।

Share this post

Join the conversation