01:55:40 pm
Tuesday, August 25

বিশ্বজুড়ে শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়েছে। যদিও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে আট শতাধিক মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখে নেমে এসেছে।

মঙ্গলবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৪৭ হাজার ৮৬৪ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪৪ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৭৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ২৫৩ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৮৫৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৭ জন এবং মারা গেছেন ৯১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২৭ জন এবং মারা গেছেন ২৬ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭ জন এবং মারা গেছেন ১৩৪ জন। কানাডায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪ জন এবং মারা গেছেন ৩৮ জন।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন ৪১ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬৮ জন এবং মারা গেছেন ৩৮ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ২৪ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ৪৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Share this post

Join the conversation