02:56:51 pm
Tuesday, August 25

ঢাবিতে উৎসবমুখর পরিবেশে চলছে দেবী সরস্বতীর আরাধনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে চলছে সরস্বতী পূজা। উৎসবমুখর পরিবেশে বিদ্যাদেবীর আরাধনায় শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন নানা বয়সের মানুষ। সবমিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পূজার কার্যক্রম শুরু হয়। গত দু’বছর করোনার কারণে ছোট পরিসরে আয়োজন করা হলেও এবার পুরোনো রুপে ফিরেছে দেবী বন্দনা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট জগন্নাথ হল প্রাঙ্গণজুড়ে বিভিন্ন আইডিয়া ও থিমভিত্তিক ৭৩টি মণ্ডপ তৈরি করা হয়েছে। জগন্নাথ হল উপাসনালয়ে কেন্দ্রীয়ভাবে আয়োজিত একটি পূজা ছাড়াও এই মহোৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে হলের পুকুরে চারুকলা অনুষদের তৈরি বড় একটি প্রতিমা। আর জগন্নাথ হলের খেলার মাঠে ৭১টি বিভাগের মণ্ডপ রয়েছে।

সরস্বতী পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাড়াও রোকেয়া হল, কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল বর্ণিল ভাবে সাজানো হয়েছে। পাশাপাশি রয়েছে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও।

জগন্নাথ হল প্রাঙ্গণে পূজা অর্চনার পাশাপাশি আনন্দে মেতে উঠেছেন দর্শনার্থীরা। শিশুদের খেলার জন্য আছে নানা আয়োজন। বিভাগের মণ্ডপগুলোতে পুরোহিতরা বিভিন্ন ধরনের বাণী ভক্তদের নিয়ে একসঙ্গে পাঠ করছেন। বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে দেখা গেছে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, করোনা মহামারীর পর এবারই প্রথম দেবী সরস্বতীর পূজা উদযাপিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে পূজা চলছে। সবার সহযোগিতায় আমরা এবার ভিন্নরকম পূজা দেখছি।

Share this post

Join the conversation