সুন্দর বিদায়ের সংস্কৃতি চান মাশরাফি
মাশরাফির সংবাদ সম্মেলন মানেই অবসরের প্রসঙ্গটি নতুন করে উঠে আসা। জাতীয় দলের নেতৃত্ব ছাড়লেও ঘরোয়া ক্রিকেটে সমান দাপটেই খেলে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এই সফলতম অধিনায়ক।
মাশরাফির সংবাদ সম্মেলন মানেই অবসরের প্রসঙ্গটি নতুন করে উঠে আসা। জাতীয় দলের নেতৃত্ব ছাড়লেও ঘরোয়া ক্রিকেটে সমান দাপটেই খেলে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এই সফলতম অধিনায়ক। চলতি বিপিএলে তার নেতৃত্বে দারুণ খেলছে সিলেট স্ট্রাইকার্র্স। পয়েন্ট টেবিলেও আছে শীর্ষস্থানে। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে এসে দীর্ঘ সময় আলাপ করেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় ক্রিকেটাররা যাতে সম্মানের সঙ্গে মাঠ ছাড়তে পারেন সেই সংস্কৃতি গড়ে ওঠার ওপর জোর দেন এই ক্রিকেট সেনসেশন।
নিজের অবসর প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি নিজেরটা বলতে পারব না, কারণ অনেক দিন আগেই ছেড়ে এসেছি। আমার কোনো প্রত্যাশা নেই। আসলে এসব নিয়ে আমার রাগ ক্ষোভ কিছুই না। কেবল বাংলাদেশের ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা আছে।’
এই ভালোবাসা থেকেই ক্রিকেটারদের সম্মানের সঙ্গে বিদায় চাওয়ার কথা বলেছেন মাশরাফি। জানান, ‘অবশ্যই ক্রিকেটারদের সম্মানের সঙ্গে মাঠ থেকে অবসরে যাওয়ার সংস্কৃতিতে যাওয়া উচিত আমাদের। এই সংস্কৃতি তৈরি করা দরকার।’ যোগ করেন, ‘কেউ স্বীকার করুক আর নাই করুক সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম তারা বাংলাদেশের কিংবদন্তি। তারা যেন সম্মানের সঙ্গে মাঠ থেকে বিদায় নিতে পারে, সেই কাজটা নিশ্চিত করা খুবই জরুরি।’ যোগ করেন, ‘এতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম জানবে, বুঝবে যে দীর্ঘদিন জাতীয় দলে খেলার পর সম্মান পাওয়া যায়। ক্রিকেটারদের মধ্যে যেন এই বিশ্বাসটা আসে যে দেশ থেকে সম্মান নিয়ে যেতে পারব।’
এই সংবাদ সম্মেলনে তার দলের ওপেনার নাজমুল হোসেন শান্তর প্রশংসা উচ্ছ্বসিত মাশরাফি। জাতীয় দলে খেলার সময় শান্তর ব্যাটিং নিয়ে সমালোচনা হয়, ট্রল হয় সোশ্যাল মিডিয়ায়। এ জায়গাটিতে হালের দেশসেরা ওপেনার লিটন দাসের সঙ্গে শান্তর সাদৃশ্য দেখছেন মাশরাফি। তার ভাষায়, একসময় লিটনকে নিয়েও ট্রল হয়েছে। শান্তর ক্ষেত্রেও কিন্তু ঘটছে একই জিনিস। বিশ্বকাপে দেখেন, শান্ত কিন্তু প্রায় ২০০ রান করেছে। পরে আবার স্ট্রাগলও করেছে। এখন আবার রান করছে। লিটনকে লম্বা রেসের ঘোড়া বলেও উল্লেখ করেন মাশরাফি, লিটনের মতোই বাইরের জিনিসগুলো শান্ত কানে নেয় না। এ জন্য আমার বিশ্বাস হয়, এই ছেলেটা লম্বা রেসের ঘোড়া। আমি বিশ্বাস করি এই ছেলেটা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। যোগ করেন , ‘আজকে লিটনকে সবাই বাহবা দিচ্ছে। কিন্তু শুরুতে খুবই বাজে অবস্থার মধ্যে ছিল সে। যখন আমি অধিনায়ক ছিলাম, মনে প্রাণে বিশ্বাস করতাম যে লিটনের বেসিক আছে। আজকে সবাই বলে লিটন যতক্ষণ ব্যাটিং করে টিভির সামনে থেকে উঠতে মন চায় না।’
চলতি বিপিএলে দুর্দান্ত খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে তিনটি হাফসেঞ্চুরি। এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিন শতাধিক (৩০৪) রান করেছেন সাকিব। ১৯২.৪০ স্ট্রাইক রেটে তার গড় ৭৬। সাকিবের এমন ব্যাটিংয়ে মাশরাফি মোটেও অবাক নন। সাকিব আরও ভালো করলেও অবাক হবেন না বলেও জানান সিলেট অধিনায়ক। ভারত সিরিজে সাকিবকে দেখে মনে হচ্ছিল শর্ট বলে একটু সমস্যা হচ্ছে। এরপর স্টান্সটা কিছুটা মনে হয় বদল করেছে। তাতে ও আবার ফ্লেক্সিবল হয়ে গেছে। ও এখন উইকেটের চারপাশে শট খেলতে পারছে।
সাকিবকে কিং হিসেবে উল্লেখ করে মাশরাফি বলেন, সাকিব এর চেয়েও ভালো কিছু করলে অবাক হওয়ার কিছু নেই। হি উইল কাম অ্যাজ অ্যা কিং অ্যান্ড পারফর্ম অ্যাজ আ কিং।’
- Tags:
- মাশরাফি
