05:04:21 pm
Tuesday, August 25

ইন্টারপোলের সহায়তায় লোহাগাড়া থেকে বন্য প্রাণী উদ্ধার

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহায়তায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি লজ্জাবতী বানর ও একটি প্যাঁচা উদ্ধার করেছে পুলিশ। পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে চারজনকে আটক করা হয়। 
আটকরা হলো-মোবারক হোসেন (২৭), সাদ্দাম হোসেন (২৭), মো. মহিউদ্দিন (২৪) ও মো. আজহার সিকদার (৪২)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদ- ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য জানান লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান। তিনি বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ইন্টারপোলের সহায়তায় উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানে উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলোকে স্থানীয় বন কর্মকর্তা মো. মাহমুদ হোসাইনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি প্রাণীগুলোকে নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করবেন। আর দ-প্রাপ্ত চারজনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় বান্দরবান পার্বত্য জেলার আলীকদম থেকে লোহাগাড়ায় একটি চক্র বন্যপ্রাণীগুলোকে পৌঁছে দেবে। এরপর লোহাগাড়া থেকে চট্টগ্রাম পৌঁছে দেবে আরেকটি চক্র এবং চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাবে অন্য একটি চক্র। সবশেষ ঢাকা থেকে পাবনা নিয়ে যাওয়ার কথা ছিল আরেকটি গ্রুপের।
কিন্তু এসব বন্যপ্রাণী পাচার হওয়ার তথ্য পেয়ে বিশেষ অভিযানে নামে লোহাগাড়া থানা পুলিশ। দুজন পাচারকারী মোটরসাইকেলে বন্যপ্রাণীগুলো নিয়ে আলীকদম থেকে রওনা দেয়। কথা ছিল তারা লোহাগাড়া বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে আরেকটি গ্রুপকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলো হস্তান্তর করবে। 
এ উদ্দেশ্যে অপর দুজনও ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল। দুই গ্রুপের চারজনকেই আটক করে পুলিশ। একই সঙ্গে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ওসি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাজাহান ঘটনাস্থলে পৌঁছেন। তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের কারাদ- এবং জরিমানা করেন।

Share this post

Join the conversation