বিএনপি-জামায়াত নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছে: ফারুক খান
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নানা ধরণের মিথ্যা প্রচারণা ও গুজব ছড়িয়ে দিচ্ছে। দলীয় নেতা-কর্মীদের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিতে হবে।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ যুবলীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফারুক খান বলেন, যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যখন বাংলাদেশের জিডিপি সিঙ্গাপুর, মালয়েশিয়ার ওপরে, যখন বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ– ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামাত বাংলাদেশকে পেছনের দিকে নেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণকে বলতে হবে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়নি। বাংলাদেশ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা শেখ হাসিনার পাশে থাকুন, নৌকার পাশে থাকুন, নৌকায় ভোট দিন।’
ফারুক খান বলেন, বিশ্বব্যাংক, আইএমএফ, এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক ভবিষ্যৎ বাণী করেছে, বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এভাবে এগিয়ে গেলে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ২৭তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে। আর এটা সম্ভব শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।
আওয়ামী লীগ নয়, বিএনপির প্রধান শত্রু এদেশের জনগণ উল্লেখ করে শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না, মানবাধিকারের কথা মানায় না। আপনাদের (বিএনপি) হিংসাত্মক রাজনীতি আর সন্ত্রাসের কারণে নতুন প্রজন্ম রাজনীতি করতে চায় না। যারা একুশে আগস্ট ঘটিয়েছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে, কৃষকের বুকে গুলি চালিয়েছে, জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে, তাদের সকল অপকর্মের মেডেল আছে। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ নয়, বিএনপি’র প্রধান শত্রু এদেশের সাধারণ জনগণ।

Join the conversation